২০১৭ সালের কথা মনে করালেন কামিন্স
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত
সেকান্দার আলী, ম্যাকাই থেকে
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ১৩:০১
একটি দেশের ক্রিকেটে দীর্ঘ গৌরবের ইতিহাস, ১৩৯ বছর দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়নি অস্ট্রেলিয়া। এই বিস্ময়কর তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে লুফে নেন অসি অধিনায়ক পেট কামিন্স। তিনি জানান, আরও কিছু বছর ধরে রাখতে চান রেকর্ডটি। বার্তা পরিস্কার ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিপ অ্যারেনায় ঘুড়ে দাঁড়াতে উন্মুখ তারা। যে কোনো মূল্যে লড়াই করে সিরিজ নির্ধারণী টেস্ট ম্যাচটি জিততে চায় স্বাগতিকরা। এ জন্য একটি পরিবর্তনও এনেছে দ্বিতীয় টেস্টের একাদশে। জ্যাক ওয়েদারাল্ডের জায়গায় নেওয়া হয়েছে টপঅর্ডার ব্যাটার ম্যাথু রেনশকে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘আমাদের সামনে এখন নতুন একটি ম্যাচ। জিততে হলে সেরা ক্রিকেটটা খেলতে হবে। আর ১৩৯ বছরের সিরিজ না হারের রেকর্ডরে কথা যেটা বললেন, সেটা অক্ষত রাখতে চাই। এখনই রেকর্ডটা বেহাত করতে চাই না। আরও কয়েক বছর রেকর্ডটা ধরে রাখতে পারলে ভালো হয় (হাসি)।’
ম্যাকাইয়ে টেস্ট অভিষেক হচ্ছে কাল (শনিবার)। দেশটির দ্বাদশ টেস্ট ভেন্যুর স্বীকৃতি পাওয়া গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনাকে স্মরণীয় করে রাখতে চান কামিন্স। পেস ও বাউন্সি কন্ডিশনের জুজুর ভয় দেখালে দ্বিতীয় টেস্টেও তিন পেসার নিয়ে খেলছে তারা। এই বোলিং আক্রমণ দিয়েই বাজিমাত করার পরিকল্পনা অসিদের।
অবশ্য বাংলাদেশকে সহজ করে দেখছেন না কামিন্স, ‘আমি ২০১৭ সালের সফরে ছিলাম। বাংলাদেশ প্রথম টেস্ট জিতেছিল পরের টেস্টে আমরা ঘুরে দাঁড়িয়ে ছিলাম। আমরা এর কম পরিস্থিতি মোকাবেলা করেছি আগেও। তবে তারা ভালো একটি দল। আমি নিশ্চিত গত টেস্টের পারফরম্যান্স থেকে আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে। আমরাও প্রস্তুত চ্যালেঞ্জ নিতে।’
ডারউইনে টেস্ট হারের পর অস্ট্রেলিয়ানরা খুবই হতাশ। কামিন্সদের সমালোচনায় মুখোর তারা। একপ্রকার চাপের মুখে থেকে ম্যাকাইয়ে এসেছেন তারা। তিন দিন অনুশীলন করে প্রস্তুতি নিয়েছে সিরিজ বাঁচানোর। অধিনায়ক জানান খেলোয়াড়দের মনোবল চাঙা, ‘ক্যাম্প বেশ ভালোই চলছে। বোলার ও ব্যাটারদের কয়েকটি ভালো সেশন হয়েছে। আমরা আগের ম্যাচে সেরা ছন্দে ছিলাম না। এই ম্যাচে নিখুত ক্রিকেট খেলতে চাই। আমাদের দলটি খুবই অভিজ্ঞ। এই ম্যাচে সবার কাছ থেকে কার্যকরী পারফরম্যান্স দেখতে চাই।’
ডারউইনে টানা চারদিন একপেশে খেলে বাংলাদেশ ম্যাচ জিতলেও অসিদের কাছে অঘটন। এ ব্যাপারে কামিন্সের মত জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমার মনে হয়েছে ওরা অসাধারণ খেলেছে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে আমরা এক নম্বর দল। আশা করি সামনে বেশিরভাগ ম্যাচ জিতে ভীত শক্ত করতে পারব।’
- বিষয় :
- প্যাট কামিন্স
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া