সিরিজ বাঁচানোর আগে বাংলাদেশের প্রশংসায় কামিন্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ১৪:৩৮
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। সিরিজ বাঁচাতে ম্যাকাইয়ে আগামীকাল দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। অন্যদিকে বাংলাদেশ ড্র করলেই সিরিজ নিশ্চিত করবে।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ডারউইনের পরাজয় নিয়ে অকপট অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি স্বীকার করেছেন, প্রথম টেস্টে স্বাগতিকদের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলেছে সফরকারীরা।
কামিন্স বলেন, ‘আমরা নিজেদের সেরা ক্রিকেটের ধারেকাছেও ছিলাম না। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে। তারা জয়টা ডিজার্ভ করে।’
বাংলাদেশের পারফরম্যান্সের আরও প্রশংসা করে অজি অধিনায়ক বলেন, ‘তারা আমাদের চেয়ে অনেক ভালো ছিল। দারুণ শৃঙ্খলাবদ্ধ ক্রিকেট খেলেছে। লম্বা সময় ধরে ভালো খেলেছে।’
ডারউইনের কন্ডিশনে বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্সকেও বিশেষ কৃতিত্ব দিয়েছেন কামিন্স। তিনি বলেন, ‘এটা আসলে বেশ সহজ নয় ব্যাটিংয়ের জন্য। এখানে ফাস্ট বোলাররা ফিরে এসে এসে বল করে যায়। ২০ ওভার করে এক দিনে বল করে যায়, তাদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানো কঠিন ব্যাপার। ফলে হ্যাঁ, তারা সব দিক থেকেই ভালো ছিল।’
প্রথম টেস্টের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি ভালোভাবেই চলছে বলেও জানিয়েছেন কামিন্স। তাঁর ভাষায়, ‘ক্যাম্প ভালোই আছে। ভালো কিছু ট্রেনিং সেশন হয়েছে আমাদের। ব্যাটাররা, বোলাররা সবাই ভালো ছন্দে আছে। ভালোভাবে এগোচ্ছি আমরা।’
সিরিজের প্রস্তুতিও ভালো ছিল বলে মনে করেন অজি অধিনায়ক। তবে সেটি মাঠে কাজে লাগাতে পারেনি দল। কামিন্স বলেন, ‘এই সিরিজের প্রস্তুতি অনেক ভালো ছিল। সবাই ভালো ছন্দে ছিল। সেটাই এখন ম্যাচে কাজে লাগিয়ে ভালো ফল আনতে হবে।’
বাংলাদেশের কাছে এবারই প্রথম হারের মুখোমুখি হচ্ছে না অস্ট্রেলিয়া, সেটিও মনে করিয়ে দিয়েছেন কামিন্স। ২০১৭ সালে মিরপুরে বাংলাদেশের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা থেকে এবারও আত্মবিশ্বাস নেওয়ার কথা বলেছেন তিনি।
কামিন্স বলেন, ‘২০১৭ সালে আমাদের বিপক্ষে তারা জিতেছিল। ফলে এবারই প্রথমবার জেতেনি। পরে আমরা বাউন্স ব্যাক করেছি। তারা অনেক ভালো দল। এখানে অনেক আত্মবিশ্বাস নিয়ে আসবে তারা। এই চ্যালেঞ্জই আমাদের নিতে হবে।’
- বিষয় :
- প্যাট কামিন্স
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া