বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা
১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, বড় জরিমানা গুনছে আর্জেন্টিনা
ছবি: গেটি ইমেজেস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ২৩:২০ | আপডেট: ২১ আগস্ট ২০২৬ | ২৩:২৪
বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেনের খেলোয়াড়দের ওপর চড়াও হওয়ার দায়ে লিয়ান্দ্রো পারেদেসসহ তিন আর্জেন্টাইন ফুটবলার এবং এক কোচকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর মধ্যে স্প্যানিশ ফুটবলার এরিক গার্সিয়ার গলা চেপে ধরা এবং গাভিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কারণে মিডফিল্ডার পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার ফিফার পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন নিয়মভঙ্গের দায়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকেও (এএফএ) বড় অঙ্কের জরিমানা ও শর্তসাপেক্ষে দর্শক নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়েছে।
খেলোয়াড়দের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিস্তারিত জানিয়ে ফিফা বলেছে, পারেদেস ছাড়াও ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচ এবং থিয়াগো আলমাদাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শাস্তিস্বরূপ পারেদেস ও মোলিনাকে ৯০ হাজার ডলার এবং আলমাদাকে ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। পারেদেসের এই ১০ ম্যাচের নিষেধাজ্ঞা ২০১৪ বিশ্বকাপে লুইস সুয়ারেজের কামড়-কাণ্ডের পর দেওয়া ফিফার অন্যতম কঠোর শাস্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
ফিফার ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের জুন পর্যন্ত পারেদেস কার্যত জাতীয় দল থেকে ছিটকে পড়লেন। এছাড়া আর্জেন্টিনা দলের সহকারী কোচ রবার্তো আয়ালাকেও তিন ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, ওই ঘটনার জেরে স্প্যানিশ মিডফিল্ডার গাভিকেও এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে, যার ফলে আগামী ২৬ সেপ্টেম্বর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচটি তিনি মিস করবেন।
খেলোয়াড়দের শাস্তির পাশাপাশি দলগত শৃঙ্খলাভঙ্গের কারণেও বড় জরিমানার মুখে পড়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক ব্যানার প্রদর্শন এবং ভক্তদের বৈষম্যমূলক স্লোগানের কারণে এএফএ-কে ১ লাখ ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। ফকল্যান্ড ইস্যুর ওই ব্যানার প্রদর্শনের জেরে যুক্তরাজ্যের রাজনীতিকরা তীব্র নিন্দা জানিয়েছিলেন। জরিমানার পাশাপাশি ফিফা এএফএ-কে বর্ণবাদবিরোধী প্রকল্পে ১ লাখ ডলার ব্যয়ের নির্দেশ দিয়েছে ফিফা। এছাড়া আর্জেন্টিনাকে তাদের পরবর্তী হোম ম্যাচটি স্টেডিয়ামের ধারণক্ষমতার অর্ধেক দর্শক নিয়ে খেলার নির্দেশ দেওয়া হয়েছে।
এই দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা ও জরিমানার বিরুদ্ধে আইনি পথে হাঁটার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এএফএ-এর আইনি বিভাগ ফিফার আপিল কমিটির কাছে আপিল দায়ের করার জন্য রায়ের ভিত্তিগুলো জানতে চাইবে। প্রয়োজন হলে চূড়ান্ত উপায় হিসেবে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস-এ (সিএএস) আপিল করার বিকল্পটিও তারা খোলা রাখছে।
উল্লেখ্য, গত মাসে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর অতিরিক্ত সময়ে স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস জয়সূচক গোলটি করেন। ম্যাচ শেষে এই অনাকাঙ্ক্ষিত শারীরিক সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র: ইএসপিএন
- বিষয় :
- আর্জেন্টিনা
- ফুটবল
- বিশ্বকাপ ফুটবল