ম্যাকাই টেস্টে ১২ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের
ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ০৭:১৩
ম্যাকাই টেস্টে শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ১২ রানেই ৫ উইকেট হারিয়েছে সফরকারীরা। এরই মধ্যে চার ব্যাটারকে শূন্য রানে ফিরিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার। ১২ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৭। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
ম্যাচের প্রথম বলেই সাদমান ইসলামকে ফিরিয়ে ধাক্কাটা শুরু করেন স্টার্ক। ব্যাটের কানায় লেগে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দেন বাংলাদেশের ওপেনার। গোল্ডেন ডাক নিয়ে ফিরতে হয় তাকে। পরের ওভারেই তানজিদ হাসান তামিমকে ফেরান স্টার্ক। বল ব্যাটের কানায় লেগে স্লিপে ওয়েবস্টারের হাতে ক্যাচ দেন ডারউইন টেস্টের সেঞ্চুরিয়ান। ফলে টানা দুই ইনিংসে শূন্য রানে ফিরলেন তানজিদ।
এরপর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও টিকতে দেননি স্টার্ক। লেগ স্টাম্পের দিকে বেরিয়ে যাওয়া বলে প্যাডে আঘাত হানে। আম্পায়ার আউট দিলে রিভিউ নেয় বাংলাদেশ। তবে আম্পায়ার্স কলের কারণে সিদ্ধান্ত বহাল থাকে। শূন্য রানেই ফিরতে হয় শান্তকে। নিজের তৃতীয় ওভারে মুমিনুল হককে ফিরিয়ে একাই বাংলাদেশের টপ অর্ডার ধসিয়ে দেন স্টার্ক। অফ স্টাম্পের বাইরে করা বলে অযথা ব্যাট বাড়িয়ে ক্যাচ দেন মুমিনুল। ৯ রান করে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।
এরপর লিটন দাসকে দুইবার আউট করেন স্টার্ক। প্রথমবার স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যান লিটন। বেউ ওয়েবস্টার সহজ ক্যাচটি নিতে পারেননি। পরের বলেই অবশ্য আর কোনো ভুল করেননি স্টার্ক। এবার এলবিডব্লিউর ফাঁদে ফেলেন লিটনকে। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় অস্ট্রেলিয়া। রিপ্লেতে দেখা যায়, বল লেগ স্টাম্পে আঘাত করত। ফলে ৪ রানেই ফিরতে হয় লিটনকে। এতেই মাত্র ২২ রান খরচ করে ৫ উইকেট পূর্ণ করেছেন স্টার্ক। ক্রিজে এখন বাংলাদেশের অভিজ্ঞ জুটি মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। ভয়াবহ এই বিপর্যয় সামলে বাংলাদেশকে লড়াইয়ে ফেরানোর দায়িত্ব এখন তাদের কাঁধে।
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টের একাদশে এক পরিবর্তন এনে বাংলাদেশ চোট কাটিয়ে ফেরা শরিফুল ইসলামকে ফিরিয়েছে। তার জায়গা করে দিতে একাদশের বাইরে রাখা হয়েছে এবাদত হোসেনকে। তিন পেসারের সঙ্গে একাদশে রয়েছেন দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। অন্যদিকে অস্ট্রেলিয়া একাদশে এসেছে একটি পরিবর্তন। জ্যাক ওয়েদারাল্ডের জায়গায় প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট খেলতে নেমেছেন ম্যাট রেনশ।
- বিষয় :
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া
- মিচেল স্টার্ক