ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

স্টার্কে বিধ্বস্ত বাংলাদেশ, ২১ রানে নেই ৬ উইকেট

স্টার্কে বিধ্বস্ত বাংলাদেশ, ২১ রানে নেই ৬ উইকেট
×

ম্যাকাই টেস্টে ৫ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ০৭:৪৫ | আপডেট: ২২ আগস্ট ২০২৬ | ০৭:৫৫

ডারউইনে প্রথম টেস্টে ৯ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কের ধ্বংসাত্মক পেস বোলিংয়ে শুরুতেই প্রবল চাপে পড়ে বাংলাদেশ। 

২২ বলেই স্টার্ক নিয়েছেন ৫ উইকেট। গত বছর জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি, যা টেস্ট ক্রিকেট ইতিহাসেই দ্রুততম। 

ইনিংসের প্রথম ১৫ বলেই শূন্য রানে আউট হন দলের প্রথম তিন ব্যাটসম্যান। প্রথম বলেই বাঁহাতি পেসার মিচেল স্টার্কের আউটসুইঙ্গারে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যামেরন গ্রিনের তালুবন্দী হন সাদমান ইসলাম। 

স্টার্ক তৃতীয় ওভারে এসে আবারও উইকেট নেন। ওই ওভারের প্রথম বলে ওয়াইড সুইঙ্গিং অফ-স্টাম্পের বাইরের ডেলিভারিতে থার্ড স্লিপে বো ওয়েবস্টারের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। 

ওই ওভারের পরের বলেই স্টার্কের ইনসুইঙ্গারে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অর্থাৎ রানের খাতা খোলার আগেই দলের শীর্ষ তিন ব্যাটসম্যান আউট। এরপর থেকেই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।

পরে আরও দুই উইকেটও নেন মিচেল স্টার্ক। ফুল লেন্থের বলে ব্যাট এগিয়ে ক্যাচ তুলে দেন মুমিনুল হক। এরপর এলবিডব্লিউ হয়ে ফেরেন লিটন দাস। 

স্টার্কের এমন মূর্তিতে ১২ রানেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে উইকেটে আসেন মুশফিকুর রহিম। তিনিও হতাশ করেন। কামিন্সের উইকেটের সামান্য ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। ৪২ বলে ৫ রান করেন মুশফিক।

মুশফিকের বিদায়ের পর নতুন ব্যাটার হিসেবে নেমেছেন হাসান মাহমুদ (২)। অন্য প্রান্তে উইকেটের আছেন মিরাজ (৫)।  

আজকের বোলিং নেপুণ্যে ডেল স্টেইনের ৪৩৯ উইকেট ছাড়িয়ে টেস্টে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় শীর্ষ পাঁচে চলে এসেছেন স্টার্ক। ৭০৪ উইকেট নিয়ে সবার উপরে আছেন জেমস অ্যান্ডারসন।

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×