ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ঘরোয়া ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণী সভা আজ

ঘরোয়া ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণী সভা আজ
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ১২:৪১ | আপডেট: ২২ আগস্ট ২০২৬ | ১২:৪৩

কয়েক দিন আগে ক্লাবগুলোর সঙ্গে জরুরি মিটিংয়ে নির্দিষ্ট সময়ে ঘরোয়া ফুটবল মাঠে গড়ানোর কথা বলেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। অথচ সেই সভায় ফর্টিস ফুটবল ক্লাব ও পুলিশ এফসি বাদে বাকি সব ক্লাব আরও পরে মৌসুম শুরুর দাবি তুলেছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির কথা এবং পেশাদার লিগ কমিটির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২৫ আগস্ট ফেডারেশন কাপ দিয়ে শুরু হওয়ার কথা ঘরোয়া ফুটবল। কিন্তু টুর্নামেন্ট শুরুর তিন দিন আগেও ফেড কাপের দল চূড়ান্ত হয়নি। এমনকি টুর্নামেন্টের ড্রও হয়নি। এর অর্থই হচ্ছে নির্দিষ্ট তারিখে শুরু হচ্ছে না ঘরোয়া প্রতিযোগিতা। তাহলে কবে শুরু হবে নতুন মৌসুম? তা ঠিক করতে আজ শনিবার কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সভা হবে। আর এই বৈঠকেই নির্ধারিত হতে পারে ঘরোয়া ফুটবল ভবিষ্যৎ।

বাংলাদেশের ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়া নিয়ে এত গোঁজামিল আগে দেখা যায়নি। ক্লাব লাইসেন্সিংয়ের সময় বাড়ানো এবং দলবদলের মধ্যেই খেলা শুরুর সিদ্ধান্ত– সবকিছু ইতিবাচক হলেও ক্লাবগুলো পারেনি পেশাদারিত্বের প্রমাণ রাখতে। বিশেষ করে ফিফা থেকে নিষিদ্ধ হওয়া বসুন্ধরা কিংস ও আবাহনীর জন্যই ক্লাব লাইসেন্সিংয়ের সময় বাড়ানো হয়েছিল। ফিফা কর্তৃক তিনটি নিষেধাজ্ঞা আবাহনীর ওপর থেকে উঠে গেলেও বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এখনও আটকে আছে। কয়েকটি নিষেধাজ্ঞা তুললেও কিংসের ওপর সাত থেকে আটটি নিষেধাজ্ঞার খড়্গ আছে। 

গত সপ্তাহে হওয়া বাফুফে সভাপতির সঙ্গে মিটিংয়ে ক্লাবগুলো কিংস ও আবাহনীর উদাহরণ টেনে আনে। সবার দাবি এ দুই দল নিয়েই নতুন মৌসুম শুরু করা। শুধু এই কারণই নয়, ক্যাম্প শুরু করতে না পারার কারণে ১০টি ক্লাবই আগস্টে ঘরোয়া প্রতিযোগিতা শুরুর বিপক্ষে মত দেয়। তবে অনেক আগে থেকেই ক্যাম্প শুরু করা ফর্টিস এফসি ও পুলিশ ফুটবল ক্লাব অবশ্য মৌসুম পেছানোর বিপক্ষে মত দেয়। 

এই দুই ক্লাবের মতামত হয়তো শেষ পর্যন্ত টিকবে না। কারণ বেশির ভাগ ক্লাব যেখানে মৌসুম পেছানোর পক্ষে, সেখানে ফর্টিস আর পুলিশকে হয়তো নির্বাহী কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত মেনে নিতে হবে। ঘরোয়া ফুটবল যে পেছাচ্ছে, সেটা একপ্রকার নিশ্চিত। বিশেষ করে মোহামেডান ও আবাহনী চাইছে বেশ কিছু দিন খেলা পিছিয়ে দিতে। কারণ খেলা শুরুর কয়েকদিন পরই বন্ধ করতে হবে জাতীয় দলের অ্যাসাইনমেন্টের কারণ। ক্যাম্প শুরু করে অব্যাহত রাখা ক্লাবগুলোর জন্য বাড়তি খরচ। তাই বাফুফে একতরফা কোনো সিদ্ধান্ত নিলে ক্লাবগুলো তা কতটা মানবে, সেটাও দেখার বিষয়।

আরও পড়ুন

×