ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশকে উসকানি দিয়ে সাবেকদের তোপের মুখে স্মিথ

বাংলাদেশকে উসকানি দিয়ে সাবেকদের তোপের মুখে স্মিথ
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ১৫:২৮

বাংলাদেশের সঙ্গে মাঠের লড়াইয়ে স্টিভেন স্মিথের কথার লড়াই যেন থামছেই না। ডারউইন টেস্টের পর ম্যাকাইয়েও বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কথার লড়াইয়ে জড়ালেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই ব্যাটার। এবার অবশ্য সীমা ছাড়ানো মন্তব্যের জন্য আম্পায়ারদের সতর্কবার্তাও শুনতে হয়েছে তাকে। স্মিথের আচরণ নিয়ে সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররাও।

ম্যাকাই টেস্টের প্রথম দিনে বাংলাদেশের ইনিংস মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পর ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। নবম ওভারে তাসকিন আহমেদের বলে স্মিথের প্যাডে বল লাগলে জোরালো আবেদন করে বাংলাদেশ। ভারতীয় আম্পায়ার নিতিন মেনন আবেদনে সাড়া না দিলে রিভিউ নেওয়া হবে কি না, তা নিয়ে তাসকিনের সঙ্গে আলোচনা করছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সেই সময়ই অহেতুক কথায় জড়ান স্মিথ। স্টাম্প মাইকে ধরা পড়ে, তিনি বলেন, ‘আমি তো ওর দিকে অর্ধেক পিচ চলে এসেছি, বলটা অনেক ওপরে দিয়ে যাচ্ছে।’ এরপর শান্ত ও তাসকিন যখন রিভিউ নিয়ে আলোচনা করছিলেন, তখনও স্মিথকে বলতে শোনা যায়, ‘নিয়ে নাও।’ বিষয়টি আম্পায়ারদের নজর এড়ায়নি। কিছুক্ষণ পর দুই আম্পায়ার ক্রিজের কাছে গিয়ে স্মিথকে সতর্ক করেন। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটারকে তখন কিছুটা বিস্মিত দেখায়।

ঘটনাটি নিয়ে ফক্স ক্রিকেটের ধারাভাষ্যকার ব্রেন্ডন জুলিয়ান আম্পায়ারদের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তার মতে, ফিল্ডিং দলের রিভিউ নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্তে ব্যাটারের এভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা ঠিক নয়। জুলিয়ান বলেন, ‘এক্ষেত্রে আম্পায়ারদের ভূমিকা যথার্থ। কারণ আপনি বলতে পারেন না, “বলটা অনেক ওপরে দিয়ে যাচ্ছে।” সে (স্মিথ) সেটাই বলেছে। আম্পায়াররা মূলত বলছেন, এটা ফিল্ডিং দলের ওপর ছেড়ে দিন।’

স্মিথের আচরণে আপত্তি জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার মাইক হাসিও। তিনি বলেন, ‘স্টিভ স্মিথ ফিল্ডারদের বলছে, “রিভিউ নাও, নাও।” আমিও এটা পছন্দ করছি না।’ তবে আম্পায়ারদের সতর্কবার্তার পরও খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি স্মিথ। শরিফুল ইসলামের বলে ৭৪ বলে ৪২ রান করে ফিরে যান তিনি। 

বাংলাদেশের বিপক্ষে স্মিথের এমন কথার লড়াই অবশ্য নতুন নয়। প্রথম টেস্টেও লিটন দাসের সঙ্গে স্টাম্প মাইকে ধরা পড়েছিল তার কথোপকথন। ডারউইনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলামের একটি লেগ-সাইড ডেলিভারি নিয়ে রিভিউয়ের আলোচনার সময় বাংলাদেশকে রিভিউ নেওয়ার জন্য খোঁচা দিয়েছিলেন স্মিথ। তখন স্মিথকে বলতে শোনা যায়, ‘নিয়ে নাও। আরেকটা রিভিউ নষ্ট করো। যা খুশি করো।’ জবাবে লিটন বলেছিলেন, ‘তুমি ব্যাট করো। শুধু ব্যাট করো।’

আরও পড়ুন

×