ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কামিন্সের উইকেটে বাড়তি আনন্দ শরিফুলের

কামিন্সের উইকেটে বাড়তি আনন্দ শরিফুলের
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ১৬:১২

ম্যাকাই টেস্টের প্রথম দিনটা শরিফুল ইসলামের জন্য হয়ে থাকল স্মরণীয়। ব্যাট হাতে দলের সর্বোচ্চ রান, এরপর বল হাতে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লড়াইয়ে বড় অবদান রেখেছেন বাঁহাতি এই পেসার। দিন শেষে নিজের সাফল্যের পেছনে অনুশীলনের প্রস্তুতিকেই বড় কারণ হিসেবে দেখছেন শরিফুল।

প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও ১১ নম্বরে নেমে ২৬ বলে ১৪ রান করেন শরিফুল। সেটিই হয়ে ওঠে দলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। পরে বল হাতে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে একের পর এক আঘাত হানেন তিনি। শেষ পর্যন্ত ৩৪ ওভারের মধ্যে ৬ উইকেট হারানো অস্ট্রেলিয়ার পাঁচ উইকেটই নেন শরিফুল।

দিন শেষে নিজের প্রথম টেস্ট ফাইফার নিয়ে শরিফুল বলেন, ‘আজ আমার প্রথম পাঁচ উইকেট। অনুশীলনে আমি এটাই করেছি। ম্যাচে এসে নিজেকে সেট করার চেষ্টা করেছি।’

ম্যাকাইয়ের উইকেটে দীর্ঘ সময় ধরে পেসারদের জন্য সহায়তা থাকায় সন্তুষ্ট শরিফুল। তার ভাষায়, ‘৩০ ওভার পরও বল মুভ করছে। এটা আমাদের ফাস্ট বোলারদের জন্য সহায়ক।’

তবে দিনের সবচেয়ে আনন্দের উইকেট হিসেবে প্যাট কামিন্সের শিকারটিকেই দেখছেন শরিফুল। এর আগে শরিফুলের শরীরে বাউন্সার মেরে আঘাত করেছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। পরে কামিন্সকে বাউন্সারে পরাস্ত করে ক্যাচে ফেরানোর পর সেই ঘটনার প্রসঙ্গ উঠলে হাসতে হাসতে শরিফুল বলেন, ‘ভালো লেগেছে। কারণ সে আমাকে বাউন্সার মেরে কাঁধে লাগিয়েছিল।’

শরিফুলের অলরাউন্ড পারফরম্যান্সকে আরও বিশেষ করে তুলেছে দিনের শুরুর ব্যাটিং। বাংলাদেশের ইনিংস মাত্র ৬৪ রানে গুটিয়ে গেলেও ১১ নম্বরে নেমে ১৪ রান করেন তিনি। যা ছিল দলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে অনন্য এক কীর্তিও গড়েছেন শরিফুল। প্রথম ক্রিকেটার হিসেবে কোনো টেস্ট ইনিংসে ১১ নম্বরে ব্যাট করে নিজের দলের সর্বোচ্চ রান করার পাশাপাশি একই ইনিংসে বল হাতে প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চসংখ্যক উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। বলা যায়, ব্যক্তিগতভাবে আজ ক্যারিয়ারের অন্যতম সেরা দিন শরিফুলের।

আরও পড়ুন

×