ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার স্টেডিয়ামে মুগ্ধ ব্রাজিল 

ঢাকার স্টেডিয়ামে মুগ্ধ ব্রাজিল 
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ১২:২৩

আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেকে ভারতের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলার কথা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সেই ম্যাচের ভেন্যু পরিদর্শনে ২০ আগস্ট কলকাতায় যায় ব্রাজিলের প্রতিনিধি দল। কিন্তু কলকাতার মূল মাঠ, অনুশীলন মাঠ, ড্রেসিংরুম ও শৌচাগার দেখে অসন্তোষ প্রকাশ করে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দল। ভারতের ফুটবলের জন্য বিখ্যাত কলকাতার মাঠ পছন্দ না হওয়ায় হঠাৎ করে গতকাল দুপুরে ঢাকায় আসে ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। 

গতকাল রোববার বিকেল ৩টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামের মাঠ, ড্রেসিংরুম থেকে শুরু করে সবকিছু দেখে তারা। তাদের মধ্যে সন্তুষ্টির ছাপ দেখা গেছে। এবং সামনে বাংলাদেশের বিপক্ষে এই মাঠে খেলার ইচ্ছা পোষণ করেছেন বলে জানিয়েছেন বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন, ‘ব্রাজিল থেকে একটি প্রতিনিধি দল এসে আমাদের স্টেডিয়াম, আমাদের মাঠ... সবকিছু দেখে গেছে। তাদের টার্গেট হলো আগামীতে তারা যে কোনো দেশের বিপক্ষে অথবা আমাদের বাংলাদেশের বিপক্ষেও খেলতে চায়। তাদের আমরা বুঝিয়েছি মাঠের কাজ চলমান, হয়তো টু উইকসের মধ্যে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তারা ড্রেসিংরুম ও আমাদের পুরো স্টেডিয়াম ঘুরে দেখেছে। তারা আমাদের আশ্বস্ত করেছে যে ঠিক আছে, প্রয়োজন হলে তারা আরেকবার এসে দেখবে।’ ব্রাজিল প্রতিনিধি দল সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করেন। এই মাঠও নাকি পছন্দ হয়েছে তাদের।

২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ব্রাজিল। অস্ট্রেলিয়া থেকে ভারত যাওয়ার আগে ভিনিসিয়ুস জুনিয়র-অ্যালিসদের পা বাংলাদেশের মাটিতে পড়তেও পারে। ৩০ সেপ্টেম্বর বা ১ অক্টোবর ঢাকার মাঠে অনুশীলন করে কলকাতায় ব্রাজিল দলটি যেতে পারে বলে আলোচনা চলছে। 

আপাতত জাতীয় স্টেডিয়ামের পরিবেশ নিয়ে প্রতিনিধি দল মুগ্ধ হয়েছে বলে জানান ইকবাল, ‘এই ওয়ার্কের পর তারা আরেকবার এসে দেখবে এবং তারা আমাদের স্টেডিয়ামের পরিবেশ দেখে অত্যন্ত আনন্দিত ও মুগ্ধ। তারা তাদের মতামতটা এখনই পুরাপুরি দিয়ে যায়নি, তারা মতামত দিলে আমরা আপনাদের জানিয়ে দেব আসলে তাদের পরিকল্পনাটা কী। তবে এটা একটা সৌভাগ্য যে তারা আমাদের এই স্টেডিয়ামটি দেখে গেছে এবং প্রাথমিকভাবে বলেছে যে কোনো ম্যাচ তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমাদের এখানে করতে চায়। তারা বলেছে, তারা বাইরের কোনো দেশের সঙ্গে খেলার সময় আমাদের এখানে এসে এটা নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিতে পারে এবং আমাদের বাংলাদেশের বিপক্ষেও তারা খেলতে পারে। তারা তাদের প্রতিক্রিয়াটা পরে জানাবে। তারা আজকে (রোববার) মাঠ, স্টেডিয়ামের পরিবেশ দেখার জন্য শুধু আসছে।’

আরও পড়ুন

×