ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আবারও নিরাপত্তাহীনতার অভিযোগ আনলেন বাংলাদেশের ইংলিশ কোচ

আবারও নিরাপত্তাহীনতার অভিযোগ আনলেন বাংলাদেশের ইংলিশ কোচ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ১৩:২৭ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬ | ১৩:৩২

সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতি এবং পুলিশ ডাকার ঘটনার কয়েক দিন পর এবার নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় কর্মক্ষেত্রে শারীরিক হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন এই ব্রিটিশ কোচ।

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন বাংলাদেশের ইংলিশ কোচ

জোন্সের দাবি, আত্মরক্ষার প্রয়োজনেই তিনি পুলিশের সহায়তা নিয়েছিলেন। ঘটনার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বিষয়টি জানানোর পাশাপাশি আঘাতের ছবিও পাঠিয়েছিলেন বলে দাবি তার। তবে সেখান থেকে প্রত্যাশিত সহযোগিতা পাননি বলেও অভিযোগ করেছেন তিনি।

ভিডিও বার্তায় জোন্স বলেন, ‘কর্মক্ষেত্রে আমার ওপর হামলা চালানো হয়েছে। আত্মরক্ষার্থেই আমাকে পুলিশ ডাকতে হয়েছিল। আমি বাফুফেকে আমার প্রাপ্ত আঘাতের ছবি পাঠিয়ে বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু সেখান থেকে কোনো সাহায্য বা সমর্থন পাইনি। আমি এখনো নিরাপদ বোধ করছি না।’

ঘটনার পক্ষে প্রয়োজন হলে ছবি, অডিও এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য প্রমাণ হিসেবে উপস্থাপন করার কথাও জানিয়েছেন জোন্স। একই সঙ্গে গোলকিপিং কোচ মিশুর সঙ্গে তার কোনো বিরোধ নেই বলেও দাবি করেছেন তিনি।

জোন্সের ভাষ্য, ‘গোলকিপিং কোচের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। আমরা হাসাহাসি করি, একে অপরের রুমে যাই এবং ম্যাচের কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করি। একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।’

তথ্য ফাঁসের পেছনে কারও ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন এই ব্রিটিশ কোচ। তার দাবি, দীর্ঘ কোচিং ক্যারিয়ারে কর্মক্ষেত্রে এমন পরিস্থিতির মুখে কখনো পড়েননি তিনি। ‘আমার পুরো ক্যারিয়ারে কখনোই কাজের জায়গায় শারীরিক আক্রমণের শিকার হইনি। এমনকি নিরাপত্তার জন্য পুলিশ বা ব্রিটিশ দূতাবাসের সহায়তাও নিতে হয়নি। যখন এএফসি প্রতিযোগিতায় ভালো করার বড় সুযোগ আমাদের সামনে, তখন কেন এমনটা হচ্ছে, সেটিই বুঝতে পারছি না,’ বলেন জোন্স।

তবে পরিস্থিতি যতই অস্বস্তিকর হোক, এর প্রভাব দলের প্রস্তুতি কিংবা খেলোয়াড়দের পারফরম্যান্সে পড়তে দিতে চান না তিনি। আসন্ন এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে দলের পারফরম্যান্সেই মনোযোগ ধরে রাখার কথা জানিয়েছেন জোন্স।

এর আগে গত বুধবার ঢাকার একটি হোটেলে জোন্স ও মিশুর মধ্যে কথা-কাটাকাটি থেকে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ ডাকেন জোন্স। পুলিশ হোটেলে গেলেও শেষ পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

×