স্টার্কের কাছে জিজ্ঞাসা শরিফুলের
ক্রীড়া প্রতিবেদক, ম্যাকাই থেকে
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ১৩:২২
মিচেল স্টার্কের বোলিং পছন্দ শরিফুল ইসলামের। অনেক দিন ধরেই তাঁকে অনুসরণ করেন। স্টার্কের সুইং ডেলিভারিগুলো ভালো লাগে তাঁর। বিষয়টি সংবাদ সম্মেলনেও বলেছিলেন বাঁহাতি এই পেসার। যদিও ম্যাকাইয়ে সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম ইনিংসে স্টার্কের চেয়েও ভালো বোলিং করেছেন শরিফুল। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে নিয়েছেন ৭ উইকেট। সেখানে স্টার্ক নিয়েছিলেন ইনিংসে ৬ উইকেট। তবে ম্যাচ বিবেচনায় স্টার্ক সেরা।
সে কারণে অসি অভিজ্ঞ বাঁহাতি পেসারের টিপস নিতে গিয়েছিলেন শরিফুল। কী জানতে চেয়েছিলেন– সে ব্যাপারে টাইগার বাঁহাতি পেসার বলেন, ‘যখন খেলা শেষ হলো, তখন আমি ওকে (স্টার্ক) বললাম, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কি একটু সময় দেবেন? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই। তখন উনাকে জিজ্ঞেস করি, একটা সিরিজের আগে কীভাবে কোন মানের শারীরিক ফিটনেস করেন বা কীভাবে নিজেকে প্রস্তুত করেন? তিনি বলছিলেন, তাঁর বয়সটা একটু বেশি, ৩৬ বছর। তাঁর প্রস্তুতিটা একটু ভিন্ন। আমাদের বয়স অনুযায়ী প্রস্তুতি কিছুটা ভিন্ন। বাস্তবসম্মত দিক থেকে বিষয়গুলো উপস্থাপন করেন তিনি। কীভাবে নিজেকে মেইনটেন করেন খেলার আগে-পরে, সে বিষয়ে কথা বলেছেন।’
চোট পরিচর্যার কারণে প্রথম টেস্টের দলে ছিলেন না শরিফুল। পুনর্বাসন ভালো হওয়ায় সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে নেওয়া হয় তাঁকে।