বাংলাদেশকে গুঁড়িয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্টার্ক
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ১৭:০৮
বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই টেস্টে বিধ্বংসী বোলিংয়ের পুরস্কার পেলেন মিচেল স্টার্ক। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার।
বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিংয়ে ভারতের জাসপ্রিত বুমরাহকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছেন ৩৬ বছর বয়সী স্টার্ক। বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১২ রানে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও ৪ উইকেট শিকার করেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সেই দুই দিনের মধ্যে ইনিংস ও ৫১ রানে ম্যাচ জিতে সিরিজ ১-১ সমতায় শেষ করে অস্ট্রেলিয়া।
ম্যাকাই টেস্টের পারফরম্যান্সে ক্যারিয়ারসেরা ৮৭২ রেটিং পয়েন্ট পেয়েছে স্টার্ক। ১০ পয়েন্ট পিছিয়ে ৮৬২ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে বুমরাহ। নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন অজি পেসার।
প্রায় ১৫ বছরের টেস্ট ক্যারিয়ারে দীর্ঘ সময় বোলিং র্যাঙ্কিংয়ের সেরা দশে ছিলেন স্টার্ক। সম্প্রতি জায়গা করে নিয়েছিলেন সেরা তিনেও। এবার বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটের পারফরম্যান্স তাকে এনে দিল র্যাঙ্কিংয়ের মুকুট। অন্যদিকে ম্যাকাই টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে ৭ উইকেট নিয়ে র্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছেন শরিফুল ইসলাম। ১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৫৭তম স্থানে উঠে এসেছেন বাঁহাতি এই পেসার।
বুমরাহর র্যাঙ্কিংয়ে অবনতির পেছনে বড় কারণ চলমান শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজে তার না খেলা। চোট ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে সিরিজ থেকে বাইরে থাকা ভারতের এই পেসার ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন। এরপর মোট ৬৯৭ দিন এক নম্বরে থেকে ভারতীয় বোলারদের মধ্যে রেকর্ড গড়েন তিনি।
র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে স্টার্কের দুই সতীর্থেরও। এক ধাপ এগিয়ে প্যাট কামিন্স উঠেছেন চতুর্থ স্থানে। দুই ধাপ উন্নতি করে শীর্ষ দশে ঢুকেছেন নাথান লায়ন, তার অবস্থান এখন দশম।
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে বড় লাফ দিয়েছেন ইংল্যান্ডের ওলি রবিনসনও। দুই ইনিংসে ৫১ রানে ৫ ও ৩৯ রানে ৩ উইকেট নিয়ে ১৫ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন তিনি। ইংল্যান্ডের জশ টাং ১৬ ধাপ এগিয়ে আছেন ১৭তম স্থানে।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ৮৫০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে থাকা জো রুটের চেয়ে ২৪ পয়েন্ট এগিয়ে তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ ও ৬৬ রানের দুটি ইনিংস খেলে ছয় ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন ভারতের রিশাভ পান্ত।