ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

চেলসির পথে বিশ্বকাপজয়ী মার্তিনেজ

চেলসির পথে বিশ্বকাপজয়ী মার্তিনেজ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ১৭:০৭

অ্যাস্টন ভিলার সঙ্গে সম্পর্কের ইতি টেনে চেলসিতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ৩৩ বছর বয়সী এই গোলরক্ষককে দলে নিতে প্রায় সাড়ে ৭ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে ভিলার সঙ্গে সমঝোতায় পৌঁছেছে লন্ডনের ক্লাবটি।

চেলসিতে যোগ দিতে লন্ডনে মেডিকেল পরীক্ষা দেবেন মার্তিনেজ। এরপরই চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা। মূল চুক্তি হবে দুই বছরের, সঙ্গে থাকবে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ।

অ্যাস্টন ভিলার হয়ে গত কয়েক মৌসুমে নিজেকে ইংলিশ ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মার্তিনেজ। বিশেষ করে বড় ম্যাচে পারফরম্যান্স ও পেনাল্টি ঠেকানোর দক্ষতার কারণে আলাদা পরিচিতি পেয়েছেন তিনি। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পথেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর।

মার্তিনেজকে দলে নিতে টটেনহ্যাম হটস্পার ও জুভেন্টাসও আগ্রহ দেখিয়েছিল। তবে শেষ পর্যন্ত চেলসির সঙ্গেই সমঝোতায় পৌঁছেছেন তিনি। মার্তিনেজের বিকল্প হিসেবে এরই মধ্যে জাপানের তরুণ গোলরক্ষক জায়ন সুজুকিকে দলে নিয়েছে অ্যাস্টন ভিলা। ফলে বিশ্বকাপজয়ী গোলরক্ষকের বিদায় এখন অনেকটাই নিশ্চিত।

এর আগে, ২০২০ সালে আর্সেনাল থেকে ১ কোটি ৭০ লাখ পাউন্ডে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন মার্টিনেজ। ভিলার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমা জিতেছেন তিনি। এখন চেলসির হয়ে নিজেকে কতটা মেলে ধরতে পারেন এই আর্জেন্টাইন তারকা সেটাই দেখার বিষয়। 

আরও পড়ুন

×