ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনার সামনে কঠিন চ্যালেঞ্জ

চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপিং ফলোআপ

বার্সেলোনার সামনে কঠিন চ্যালেঞ্জ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ১৩:৫৩ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ | ১৩:৫৪

দুই বছর ধরে নতুন ফরম্যাটে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। এবারও সে ফরম্যাটেই বসবে ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর। এখন ড্র অনুষ্ঠানে গ্রুপ ভাগ করা হয় না। গত বৃহস্পতিবার রাতে মোনাকোর গ্রিমালদি ফোরামে হয়ে যাওয়া ড্রতে পট থেকে দল বেছে নেওয়ার পর সুপারকম্পিউটারের সাহায্যে প্রতিপক্ষ নির্ধারণ করা হয়। সেভাবেই প্রথমে নাম এসেছিল রিয়াল মাদ্রিদের। আর্সেনাল ও ইন্টার মিলান বাদে সেভাবে কঠিন প্রতিপক্ষ নেই তাদের সামনে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা অবশ্য গ্রুপ পর্বেই কঠিন চ্যালেঞ্জে পড়েছে।

৩৬ দলের এই আসরে গ্রুপ পর্বে প্রতিটি দল ৮টি ম্যাচ খেলবে। লিগ পর্বের প্রথম রাউন্ডের ম্যাচ হবে ৮-১০ সেপ্টেম্বর, এই তিন দিন। ২৭ জানুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে দলগুলো। পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি উঠবে শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম– এই ষোলো দল প্লে-অফ খেলবে। জয়ী আট দল জায়গা পাবে শেষ ষোলোতে। এই ফরম্যাটে প্রথম দুই আসরে শিরোপা জিতেছে পিএসজি। এবার লিগ পর্বে তারা মিশ্র ধরনের প্রতিপক্ষ পেয়েছে। গত মৌসুমের মতো এবারও লুইস এনরিকের দলের শুরুটা ভালো নাও হতে পারে। তাদের ছয়টি প্রতিপক্ষ ইউরোপের সেরা পাঁচ লিগের। 

এর মধ্যে বার্সেলোনা (হোম) ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দুটি কঠিন হতে পারে। অ্যাস্টন ভিলা, রোমা, ভিয়ারিয়াল চ্যালেঞ্জিং হতে পারে। তবে গ্যালাতাসারেই, কোমো ও স্লোভান ব্রাতিস্লাভাবার বিপক্ষে সহজেই জয় পেতে পারে পিএসজি। গত আসরের রানার্সআপ আর্সেনাল তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। রিয়াল মাদ্রিদ (হোম) ও বায়ার্ন মিউনিখের (অ্যাওয়ে) বিপক্ষে ম্যাচ ছাড়া গানাররা হয়তো খুব একটা চ্যালেঞ্জে পড়বে না। গত মৌসুমে লিগ পর্বে দাপট দেখানো আরেক ক্লাব বায়ার্ন মিউনিখও তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে।

তবে ড্র ভালো হয়নি বার্সেলোনার জন্য। ২০২৫ সালে সেমিফাইনাল ও ২০২৬ সালে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া কাতালানদের এবার লিগ পর্বেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। ২০১৫ সালের পর থেকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি বার্সা। গত দুবার লা লিগাজয়ী হ্যান্সি ফ্লিক এবার চ্যাম্পিয়ন্স লিগের জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপাবেন। এবার পট এক থেকে তাদের প্রতিপক্ষ হয়েছে দুই হট ফেভারিট ম্যানসিটি ও পিএসজি। পট দুই থেকে আসা উনাই এমেরির অ্যাস্টন ভিলাকেও হালকাভাবে নেওয়া ঠিক হবে না। আর পট তিনের দল গ্যালাতাসারের মাঠে গিয়ে খেলতে হবে, তুরস্কের ক্লাবটি ঘরের মাঠে বেশ ভয়ংকর। আর পট চার থেকে আসা সেস ফাব্রেগাসের কোমোও চ্যালেঞ্জিং প্রতিপক্ষ হতে পারে।
 
স্পেনের আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদের লিগ পর্বটা বরং কিছুটা সহজ হতে পারে। আসলে আর্সেনাল (অ্যাওয়ে) ছাড়া হোসে মরিনহোর দলের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ানোর মতো সম্ভাবনা কম। লিগ পর্বে তাদের আরেক বড় প্রতিপক্ষ ইন্টার মিলান। কিন্তু ম্যাচটি সান্টিয়াগো বার্নাব্যুতে বলেই ইন্টারের সম্ভাবনা খুবই কম। মরিনহো সাবেক ক্লাব রোমা, পিএসভি, লাইপজিগ, শাখতার এমাবপ্পে-ভিনিসিয়ুসদের সামনে দাঁড়াতে পারার কথা নয়। 

এর মধ্যে ইউক্রেনের ক্লাব শাখতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি তারা খেলতে যাবে লন্ডনের স্টাম্পফোর্ড ব্রিজে। ড্রতে সবচেয়ে সহজ প্রতিপক্ষ পেয়েছে লিভারপুল। প্রথম পটে থাকা চার হেভিওয়েটের (পিএসজি, রিয়াল মাদ্রিদ, বার্সা ও বায়ার্ন মিউনিখ) কারও বিপক্ষেই তাদের ম্যাচ পড়েনি। কঠিন প্রতিপক্ষ শুধু অ্যাথলেটিকো মাদ্রিদ, সেটাও হোম ম্যাচ। ইন্টার মিলানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটাও কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে অলরেডদের জন্য।

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×