বিপিএল না করার সিদ্ধান্তে রাজি রংপুর-ঢাকা-রাজশাহী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ১৮:০৩
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল দুই আসরের নানা অনিয়ম ও আর্থিক লোকসানের বিষয় বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো করে আরেকটি ‘জোড়াতালি’র টুর্নামেন্ট আয়োজন করতে চায় না বোর্ড। বরং সময় নিয়ে নতুন কাঠামো তৈরি করে বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।
বোর্ডের এই অবস্থানের সঙ্গে একমত গত আসরের তিন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। আজ বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেছেন তিন দলের মালিকপক্ষের প্রতিনিধিরা। বৈঠক শেষে বিপিএল নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন তারা।
রংপুর রাইডার্সের সিইও ইসতিয়াক সাদেক মনে করেন, আগের মতো নামমাত্র টুর্নামেন্ট আয়োজনের চেয়ে সময় নিয়ে কার্যকর একটি মডেল তৈরি করা বেশি জরুরি। তিনি বলেন, ‘বাজারের পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে। শুধু নামমাত্র বিপিএল করে প্রতিশ্রুতি অনুযায়ী ৩০ লাখ টাকা দেওয়ার কথা বলে শেষ পর্যন্ত ১৫ লাখ টাকা দেওয়া, খেলোয়াড়ের ফোন না ধরা কিংবা হারিয়ে যাওয়ার চেয়ে বরং একটু সময় নিয়ে ভালো কোনো মডেলে বিপিএল করাই ভালো।’
গত আসরের পাওনা নিয়েও এখনো জটিলতা রয়েছে বলে জানান রংপুরের এই কর্মকর্তা। তার ভাষায়, ‘জানুয়ারি মাস পার হয়ে প্রায় সাত-আট মাস চলছে। এখনো কিছু স্থানীয় ও আন্তর্জাতিক খেলোয়াড়ের পারিশ্রমিক দেওয়া বাকি। আমাদের সঙ্গে যেসব পৃষ্ঠপোষক চুক্তি করেছিল, তারা প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ পরিশোধ করেনি।’
ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদও নতুন মডেলের জন্য বিসিবিকে সময় দিতে রাজি। তিনি জানান, বোর্ড তাদের চার-পাঁচ মাস সময় দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে, যাতে ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন কাঠামোর শর্ত পূরণের প্রস্তুতি নিতে পারে।
আতিক ফাহাদ বলেন, ‘শেষ দুই বছরে যেভাবে বিপিএল হয়েছে, এবারও সেভাবে হলে আমরা থাকব না। বিপিএলে নতুন মডেল এলে আমরা থাকতে চাইব। বিসিবি সভাপতি বলেছেন, বিপিএল অবশ্যই হবে, তবে তিনি সময় চাচ্ছেন। বিপিএলের মান বাড়াতে তিনি ভালো একটি মডেল করতে চাচ্ছেন। তাঁকে আমরা সময় দিতে রাজি।’
গেল আসরের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সও বিপিএলের ধারাবাহিকতা চায়। তবে একই সঙ্গে পুরোনো সমস্যাগুলোর সমাধান করে নতুন কাঠামো তৈরির পক্ষে তারা।
রাজশাহী ওয়ারিয়র্সের সিইও মোকছেদুল কামাল বাবু বলেন, ‘অবশ্যই আমরা মাঠে বিপিএল চাই। লিগের ধারাবাহিকতা থাকা দরকার। তবে যে সমস্যাগুলো ছিল, সেগুলোর সমাধানও দরকার। একটা ভালো মডেল তৈরি করা দরকার, যাতে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড় সবারই লাভ হয়।’
এদিকে বিপিএল নিয়ে আগামীকাল বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ক্রিকেটারদেরও। ফলে টুর্নামেন্টের ভবিষ্যৎ কাঠামো ও সময়সূচি নিয়ে সেই বৈঠকেও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
- বিষয় :
- বিপিএল
- বিসিবি
- রংপুর রাইডার্স