ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বসুন্ধরায় কেপ ভার্দের ফুটবলার

বসুন্ধরায় কেপ ভার্দের ফুটবলার
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ১৪:৩৬ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ | ১৪:৫৭

নিষেধাজ্ঞা ওঠার পর দলবদলে চমক দেখিয়ে চলেছে বসুন্ধরা কিংস। নেপাল ও ভুটানের ফুটবলারকে দলে নেওয়ার পর এবার কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার সতীর্থকে আনছে বসুন্ধরা। তারা উড়িয়ে আনছে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা দিয়াজ কোরেইয়াকে। বিশ্ব ফুটবল যাঁকে ‘বেবে’ নামে চেনে। পর্তুগিজ বংশোদ্ভূত ৩৬ বছর বয়সী কেপ ভার্দের উইঙ্গার ২০২৬-২৭ মৌসুমে কিংস শিবিরে যোগ দেবেন। চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবের বিশ্বস্ত সূত্র। এবারের দলবদলে যেটা হতে যাচ্ছে সবচেয়ে বড় চমক।

কেপ ভার্দেকে বিশ্বকাপে নিয়ে যেতে বাছাই পর্বে রেখেছিলেন অবদান। ২০২৬ ফিফা বিশ্বকাপে নজর কাড়ে কেপ ভার্দে। দলটির হয়ে ২০২২ সালে অভিষেকের পর ২৬ ম্যাচ খেলে ৬ গোল করা বেবে অবশ্য স্বপ্ন দেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর সতীর্থ হওয়ার। পর্তুগালে জন্ম ও বেড়ে ওঠা এবং সে দেশের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন ছয় ম্যাচ। তবে সিনিয়র দলে ডাক পাননি।

রোনালদোর সতীর্থ হতে না পারলেও সর্বশেষ বিশ্বকাপের আরেক তারকা ভোজিনহার সঙ্গে জাতীয় দলে খেলেছেন বেবে। ২০২৩-২৪ মৌসুমের আফ্রিকান কাপ অব নেশনসেও ভোজিনহার সতীর্থ ছিলেন। পর্তুগিজ ক্লাব ভিক্টোরিয়া এসসিতে সাইন করার কয়েক মাস পরেই প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড তাঁকে ৭ মিলিয়ন পাউন্ড বেতনে কিনে নেয়। মূলত স্যার অ্যালেক্স ফার্গুসনের সেই ড্রিম টিমে অবশ্য খুব বেশি খেলার সুযোগ হয়নি। ফার্গুসনকে খুশি করতে না পারায় ম্যানইউ তাঁকে তুরস্ক ও পর্তুগালের বিভিন্ন ক্লাবে ধারে খেলিয়েছে টানা চার মৌসুম।

বেবে সবচেয়ে বেশি সময় খেলেছেন স্প্যানিশ ক্লাব রায়ো ভাল্লেকানোর হয়ে। বর্তমানে স্প্যানিশ প্রিমিয়ার ডিভিশন গ্রুপ-১ লিগের দল ইউনিয়ন দেপোরতিভা ইবিজায় খেলছেন। এবার পাঁচবারের ফেডারেশন ও ছয়বারের লিগ চ্যাম্পিয়নদের শিবিরে আসার অপেক্ষা।

আরও পড়ুন

×