কেন্টে যোগ দিলেন খালেদ আহমেদ
কেন্টের জার্সি হাতে খালেদ আহমেদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০০
বাংলাদেশের পেসার খালেদ আহমেদকে দলে ভিড়িয়েছে ইংলিশ কাউন্টি ক্লাব কেন্ট। সেপ্টেম্বরের কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ দিকের চারটি ম্যাচে খেলবেন তিনি। কেন্টের হয়ে খালেদের সঙ্গে খেলবেন বাংলাদেশের আরেক পেসার হাসান মাহমুদ। চলতি মৌসুমের শেষ দিকে দলের বোলিং আক্রমণ শক্তিশালী করতেই দুজনকে দলে নিয়েছে কাউন্টি ক্লাবটি।
২০১৫ সালে নিজের বিভাগ সিলেটের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় খালেদের। এখন পর্যন্ত ৭০টি প্রথম শ্রেণির ম্যাচে ১৯০ উইকেট নিয়েছেন ৩৩ বছর বয়সী এই পেসার। বাংলাদেশের হয়ে ২০১৮ সালে টেস্ট অভিষেক হয় তার। জাতীয় দলের হয়ে ১৮ টেস্টে তার শিকার ৩৪ উইকেট।
কেন্টে যোগ দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত খালেদ। ক্লাবটির ওয়েবসাইটে তিনি বলেন, ‘কাউন্টি ক্রিকেট খেলা এবং কেন্টের মতো ঐতিহ্যবাহী একটি ক্লাবে যোগ দিতে পারা আমার জন্য সম্মানের। মৌসুমের এই সময়টা দলের জন্য গুরুত্বপূর্ণ। কেন্টকে প্রমোশন পেতে সহায়তা করতে আমি নিজের সর্বোচ্চটা দিতে চাই।’
কেন্টে যোগ দেওয়ার সিদ্ধান্তটি সহজ ছিল বলেও জানান খালেদ। হাসান মাহমুদ ও তার এজেন্টের কাছ থেকে ক্লাবটি সম্পর্কে ইতিবাচক কথা শুনেছেন তিনি। খালেদ বলেন, ‘হাসান ও আমার এজেন্ট কেন্টে তাদের অভিজ্ঞতা এবং ক্লাবটির পরিবেশ নিয়ে অনেক ভালো কথা বলেছে। আশা করি কেন্টের সদস্য-সমর্থকদের পাশাপাশি বাংলাদেশের ভক্তদেরও গর্বিত করতে পারব।’
কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুকও খালেদকে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তার মতে, মৌসুমের শেষ দিকে দলের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করতে খালেদের অভিজ্ঞতা কাজে দেবে। কুক বলেন, ‘সেপ্টেম্বরে হাসানের সঙ্গে খালেদকেও স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। এমন একজন বোলার চেয়েছিলাম, যিনি দ্রুত আমাদের স্কোয়াডকে শক্তিশালী করতে পারবেন এবং মৌসুমের শেষ ভাগে দলকে আরও বেশি বিকল্প দেবেন।’
কেন্টের শেষ চার ম্যাচের তিনটিই নিজেদের মাঠে হওয়ায় বোলারদের বিশ্রাম ও রোটেশনের সুযোগ তৈরি হবে বলেও জানান কুক।
- বিষয় :
- খালেদ আহমেদ
- কেন্ট
- কাউন্টি চ্যাম্পিয়নশিপ