ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

এবার কোচের ভূমিকায় রাজ্জাক

এবার কোচের ভূমিকায় রাজ্জাক
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৩৭

জাতীয় লিগে রাজশাহী বিভাগের কোচ মনোনয়ন করা হয়েছে আব্দুর রাজ্জাককে। প্রথমবারের মতো প্রথম শ্রেণির ক্রিকেটে কোচিং করাবেন তিনি। 

এনসিএলে খুলনা বিভাগের হয়ে খেললেও কোচিং অভিষেক অন্য বিভাগে হওয়া নিয়ে জানতে চাওয়া হলে রাজ্জাক বলেন, ‘আমাকে বোর্ড থেকে নিয়োগ দিয়েছে। যেখানেই কাজ দেবে, সেখানেই ভালো করার চেষ্টা থাকবে। আমি ক্রিকেটারদের জন্য কাজ করব। সেটা যে কোনো জায়গায় হতে পারে।’ 

জাতীয় দলের সাবেক বাঁ হাতি এ স্পিনার এইচপি দলের স্পিন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। ইমার্জিং দলের স্পিন কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরেও গিয়েছিলেন তিনি। খেলা শেষ করে জাতীয় দল নির্বাচক প্যানেলের সদস্য হয়েছিলেন। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে পরিচালক ছিলেন খুলনা বিভাগ থেকে। সেখান থেকে কোচ হওয়া তাঁর। 

তিনি তিন ভূমিকার অভিজ্ঞতা কাজে লাগাতে চান মাঠের ক্রিকেটে, ‘নির্বাচক হিসেবে কাজ করায় ক্রিকেটারদের সম্পর্কে ভালো ধারণা হয়েছে। সেই অভিজ্ঞতা জাতীয় লিগেও কাজে দেবে। কারণ, একটার সঙ্গে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। জাতীয় দলে খেলার কারণে আন্তর্জাতিক ম্যাচের পরিকল্পনা সম্পর্কে ভালো ধারণা আছে। প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যাকে বলে ঠিক তাই।’ 

রাজ্জাক জানান, প্রথম থেকেই কোচিং পেশায় যোগ দিতে চেয়েছেন, ‘কোচিংকে সব সময় পেশা হিসেবে নিতে চেয়েছি। সেই ব্যবস্থা হওয়ায় বিশাল পাওয়া আমার জন্য। নির্বাচক প্যানেলে ছিলাম। সেখান থেকে কোচ হওয়া সঠিক সিদ্ধান্ত বলে মনে করি। আমি এই পেশাতেই প্রতিষ্ঠিত হতে চাই।’

আরও পড়ুন

×