ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ইংলিশ ক্লাবগুলোর অর্থের ঝনঝনানি

ইংলিশ ক্লাবগুলোর অর্থের ঝনঝনানি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৪২ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৪২

সেপ্টেম্বরের প্রথম সকালটা যখন ইউরোপের আকাশে ডানা মেলল, ততক্ষণে ফুটবলপাড়ায় চারদিকে দলবদলের যুদ্ধবিরতির সানাই বেজে গেছে। ১ সেপ্টেম্বরের সেই মায়াবী ডেডলাইন ডে পেরিয়ে খতিয়ান মেলাতে বসে স্পষ্ট বোঝা যাচ্ছে– এই ফুটবল আর স্রেফ বুটের ফিতে বাঁধার খেলা নেই, এটি আসলে নিখাদ এক ‘মানি গেম’! অর্থের গরম দেখাতে বরাবরের মতো এবারও ছড়ি ঘুরিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। তাদের ধারেকাছে আসার সাধ্য ছিল না লা লিগা কিংবা সেরি এ-র।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মোট খরচের অর্ধেকেরও বেশি (প্রায় ৫১%) একাই করেছে ইংলিশ ক্লাবগুলো। ক্লাবের অন্দরে তাকালে দেখা যাবে, কোনো কোনো পরাশক্তি ব্যাংক খালি করে দল গুছিয়েছে, আবার কেউ কেউ শেষ মুহূর্তের প্যানিক বায়িং-এ খড়কুটো আঁকড়ে ধরেছে। টাকার অঙ্কে কে কাকে টেক্কা দিল, কোন ক্লাব নিজেদের আস্তানা বদলে গ্যালাকটিকো হয়ে উঠল– দেখে নেওয়া যাক সেই রোমাঞ্চকর উপাখ্যান।

গ্রীষ্মকালীন দলবদলে প্রিমিয়ার লিগের সর্বকালের সব রেকর্ড ভেঙে খরচ ৩.৪৬ বিলিয়ন পাউন্ড। ট্রান্সফার ডেডলাইন ডে-তে এভারটন থেকে ইলিম্যান এনদিয়াইয়ের ৬০ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে পাড়ি দেওয়ার মাধ্যমে ৩ বিলিয়ন পাউন্ডের গণ্ডি পেরিয়ে যায় ইংলিশ প্রিমিয়ার লিগ। সেই সঙ্গে গত ১২ মাসের আগের ৩.১৪ বিলিয়ন পাউন্ডের খরচের রেকর্ড একলহমায় পেছনে পড়ে যায়। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার ঠিক পরপরই চেলসি থেকে ম্যানচেস্টার সিটিতে এনজো ফার্নান্দেজের যৌথ-ব্রিটিশ রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার নিশ্চিত হয়। এবার শুধু ডেডলাইন ডে-তেই দলবদলে মোট ৪৭৫ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে, যা গত বছর ছিল ৩৯১ মিলিয়ন পাউন্ড।

ফুটবল ট্রান্সফার্স ডটকমের প্রতিষ্ঠাতা পল ম্যাকডোনাল্ড বিবিসি স্পোর্টকে দেওয়া তথ্যে জানান, পাঁচ বছর আগের ১.১৩ বিলিয়ন পাউন্ডের খরচের তুলনায় এবারের মোট ব্যয়ের অঙ্কটি বিশাল, যা বিশ্বসেরা প্রতিভাদের নিজেদের দিকে আকৃষ্ট করার ক্ষেত্রে ইংলিশ ক্লাবগুলোর আর্থিক ক্ষমতারই স্পষ্ট বার্তা দেয়। ফুটবল ইতিহাসের ১০টি সবচেয়ে ব্যয়বহুল দলবদলের মধ্যে তিনটিই ঘটেছে এই গ্রীষ্মে এবং প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল পাঁচ চুক্তির চারটিই সম্পন্ন হয়েছে এবারের ট্রান্সফার উইন্ডোতে। 

এমনকি প্রিমিয়ার লিগে নতুন উন্নীত হওয়া দল ইপসউইচ টাউন নতুন খেলোয়াড় কেনার পেছনে বার্সেলোনা, এসি মিলান, জুভেন্তাস কিংবা ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির চেয়েও বেশি অর্থ খরচ করেছে! টটেনহ্যাম স্যান্ড্রো তোনালিকে দলে নিতে ক্লাব রেকর্ড ১০০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত খরচ করতে রাজি হয়েছে। পাশাপাশি উত্তর লন্ডনের এই ক্লাবটি ওয়েস্টহ্যাম থেকে মাতেউস ফার্নান্দেস (৮৫ মিলিয়ন পাউন্ড) এবং ম্যানসিটি থেকে সাভিওকে (৭৫ মিলিয়ন, যা বেড়ে ৮৫ মিলিয়ন পাউন্ড হতে পারে) আনতেও বড় অঙ্কের অর্থ ঢেলেছে। প্রিমিয়ার লিগের বাইরের দলগুলোর মধ্যে কেবল রিয়াল মাদ্রিদে ইয়ান দিওমান্দে এবং নিউক্যাসল থেকে বার্সেলোনায় এন্থনি গর্ডনের ট্রান্সফারই ছিল ৬০ মিলিয়ন পাউন্ডের ওপর।

আরও পড়ুন

×