হৃদয়ের প্রতিজ্ঞা, এমন ইনিংস খেলবেন বাংলাদেশেও
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৫২
দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন তাওহিদ হৃদয়। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে ট্রিপল সেঞ্চুরির পাশাপাশি গড়েছেন বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। তবে এত বড় অর্জনের পরও তৃপ্ত নন এই ব্যাটার। এবার জাতীয় দলের জার্সিতেও এমন একটি ইনিংস খেলার স্বপ্ন দেখছেন তিনি।
ম্যাচের চতুর্থ দিনে ৪৫০ বল মোকাবিলা করে ট্রিপল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন হৃদয়। তার দীর্ঘ ইনিংসে ছিল ২৫টি চার ও ৬টি ছক্কা। শেষ পর্যন্ত ৩৫০ রানের অসাধারণ ইনিংস খেলে বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস লেখেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
এর আগে দীর্ঘ পরিসরের ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ইনিংস ছিল তামিম ইকবালের। ২০২০ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে ৪২৬ বলে ৩৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তামিম। হৃদয়ের ব্যাটে সেই রেকর্ড এখন চলে গেছে দ্বিতীয় স্থানে।
বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় হৃদয়ের আগে ছিলেন শুধু তামিম ও রকিবুল হাসান। ২০০৬-০৭ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের হয়ে ৩১৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন রকিবুল।
নিজের রেকর্ডগড়া ইনিংস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয় জানিয়েছেন, এই পারফরম্যান্স তাকে আরও আত্মবিশ্বাসী করেছে। তবে ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়েই তার মনে হয়েছে, এমন একটি ইনিংস জাতীয় দলের হয়েও খেলতে হবে। হৃদয় লিখেছেন, ‘ম্যান অব দ্য ম্যাচের ট্রফি নিয়ে বারবার মনে হচ্ছিল, কোনো একদিন এমন একটি ইনিংস জাতীয় দলের হয়ে খেলব ইনশাআল্লাহ। আল্লাহ এবং আমার মায়ের দোয়া থাকলে সব সম্ভব।’
হৃদয়ের এই কীর্তিতে অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবালও। নিজের রেকর্ড ভেঙে যাওয়ায় আনন্দ প্রকাশ করে সাবেক এই অধিনায়ক বলেন, যে কোনো পর্যায়ে ৩৫০ রানের ইনিংসই অসাধারণ, আর সেটি যদি দক্ষিণ আফ্রিকার মাটিতে হয়, তাহলে তা আরও বিশেষ কিছু।
হৃদয়কে অভিনন্দন জানিয়ে তামিম আরও বলেন, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। তার নিজের রেকর্ড ভেঙে যাওয়ায় তিনি খুশি। দেশের প্রথম ব্যাটার হিসেবে ৩৫০ রানের মাইলফলক ছোঁয়া শুধু হৃদয়ের ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ারও প্রতীক বলে মনে করেন তামিম।
- বিষয় :
- বাংলাদেশ ক্রিকেট
- তাওহিদ হৃদয়