লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট, আট মাস আগেই টিকিট বিক্রি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:০৭
ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার অপেক্ষাটা বাংলাদেশের জন্য এবার শেষ হতে যাচ্ছে। আগামী বছরের মে মাসে ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রায় আট মাস আগেই শুরু হয়েছে টিকিট বিক্রির প্রক্রিয়া।
লর্ডস ক্রিকেট গ্রাউন্ড গতকাল নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, ২০২৭ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য সাধারণ দর্শকদের টিকিট ব্যালট উন্মুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ‘হোম অব ক্রিকেট’-এ অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন আন্তর্জাতিক ম্যাচগুলোর টিকিট পাওয়ার সুযোগ পাবেন সমর্থকেরা।
আগামী ২৬ অক্টোবর পর্যন্ত চলবে এই ব্যালট। নভেম্বরের শুরুতে নির্বাচিত দর্শকদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে। প্রথম ধাপে নির্বাচিতদের টিকিট কেনার জন্য সময় দেওয়া হবে ১৭ নভেম্বর পর্যন্ত। এরপর ১০ ডিসেম্বর থেকে শুরু হবে সাধারণ বিক্রি।
ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ টেস্ট খেলতে বাংলাদেশ গিয়েছিল ২০১০ সালে। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষে আবার লর্ডসে নামবে বাংলাদেশ দল। আর দুই দল সবশেষ টেস্টে মুখোমুখি হয়েছিল ২০১৬ সালে বাংলাদেশের মাটিতে। দুই ম্যাচের সেই সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল।
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে বাংলাদেশের স্মৃতিও বেশ উজ্জ্বল। ২০১০ সালে এই মাঠেই নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। মাত্র ৯৪ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছে করেছিলেন দারুণ এক উদযাপন। সেই তামিম এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি।
- বিষয় :
- বাংলাদেশ-ইংল্যান্ড
- লর্ডস
- টেস্ট ক্রিকেট