ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সাবেকদের কটাক্ষ পিসিবিপ্রধানের

সাবেকদের কটাক্ষ পিসিবিপ্রধানের
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:২৮

ইংল্যান্ড সফরের মাঝপথে সাত খেলোয়াড় ও দুই কোচকে সরিয়ে দেওয়ায় কঠোর সমালোচনা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির। রমিজ রাজা, শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, রশিদ লতিফের মতো সাবেকদের অনেকে পিসিবির এই সিদ্ধান্তকে অযৌক্তিক, অপরিকল্পিত ও হাস্যকর বলেছেন। এবার সমালোচকদের একহাত নিয়েছেন পিসিবি চেয়ারম্যান।

লন্ডন থেকে ‘জিও নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে নকভি বলেছেন, ইংল্যান্ড সফরের মাঝপথে নেওয়া পরিবর্তনগুলো জরুরি ছিল। দলের পারফরম্যান্সের বাইরে আরও কিছু বিষয়ও খতিয়ে দেখছেন তারা। তবে ক্রিকেটের বাইরে কোনো বিষয় নিয়ে এখনও কথা বলার সময় হয়নি। নকভি বলেন, ‘সমালোচকদের আমি কখনও ভয় পাইনি, ভবিষ্যতেও পাব না। কিন্তু যারা নিজেরা কিছু অর্জন করতে পারেনি, তাদের সমালোচনায় আমার কিছু আসে-যায় না। পাকিস্তান ক্রিকেট নিয়ে যারা দুর্ভাবনার কথা বলছে, তাদের আসলে ক্রিকেট নিয়ে ভাবনা নেই; তাদের সমস্যা আমাকে নিয়ে।’ নাকভি অবশ্য সমালোচকদের সবাইকে এককাতারে রাখেননি। ওয়াসিম আকরামের মতো কেউ সমালোচনা করলে গুরুত্বের সঙ্গে নেবেন বলেও জানিয়েছেন।

র‍্যাঙ্কিংয়ে অবস্থান তুলে ধরে নাকভি দাবি করেন, তাঁর সময়ে পাকিস্তানের ক্রিকেট বরং এগিয়েছে। র‍্যাঙ্কিংয়ের প্রসঙ্গ টেনে নাকভি বলেন, ‘টেস্ট ম্যাচে যা হয়েছে, তা অবশ্যই ভালো হয়নি। আমরা দুটো টেস্ট হেরেছি। কিন্তু আমি বিশ্বাস করি, আগামী দিনে আমরা উন্নতি করব, ঠিক যেমনটা আমরা ওয়ানডে ও টি২০-তে করেছি। যারা বলে, আমি আসার পর ক্রিকেট ধ্বংস হয়ে গিয়েছে, তাদের তো সেটিও দেখা উচিত যে আগে র‍্যাঙ্কিং কোথায় ছিল। আমরা ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অষ্টম ছিলাম এবং এখন পঞ্চম। টি২০-তে আমরা নবম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছি।’

পাশাপাশি দলের পাশেও দাঁড়িয়েছেন তিনি। সে সঙ্গে সিরিজের মাঝখানে ব্যাপক রদবদলের পক্ষেও যুক্তি তুলে ধরেছেন, ‘আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, দক্ষিণ আফ্রিকা তো নামিবিয়ার কাছে হেরেছে (চলতি ত্রিদেশীয় সিরিজে), আয়ারল্যান্ডের কাছে ভারত হেরেছে (গত জুনে); তাতে কি সেখানে ক্রিকেট শেষ হয়ে গেছে? হ্যাঁ, একটা বিষয় গুরুত্বপূর্ণ তা হলো আমাদের এখানে যাকে প্রয়োজন, তাকে অবশ্যই আমরা দলে নেব। যদি কেউ ভালো খেলতে না পারে বা পারফর্ম না করে, তাহলে আমরা কী করতে পারি? আমাদের জন্য প্রতিটি ম্যাচ এবং প্রতিটি সিরিজ গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন

×