ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

টেনিস কোর্ট যেন ফ্যাশন ক্যাটওয়াক!

টেনিস কোর্ট যেন ফ্যাশন ক্যাটওয়াক!
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৫৫

উইম্বলডনের অল ইংল্যান্ড ক্লাব তার জেদি এক অলিখিত নিয়মটি ধরে রেখেছে, সেখানে শুধুই শ্বেতশুভ্র সাদার রাজত্ব। উইম্বলডনের সেই চিরন্তন সাদা রঙের প্রাচীরটুকু বাদ দিলে বাকি দুনিয়ায় টেনিস বলতে যে ট্র্যাডিশনাল সাদা পলো টি-শার্ট আর প্লিটেড স্কার্টের ছবিটা মগজে গেঁথে ছিল, তা বোধ হয় চিরতরেই ইতিহাস। ব্যাকহ্যান্ড-ফোরহ্যান্ডের নিখুঁত ক্রস-কোর্ট উইনারের পাশাপাশি এখন টেনিস রোমান্টিকদের নজর কাড়ছে অন্য এক উইনার। তা হলো ফ্যাশন স্টেটমেন্ট বা ব্যক্তিত্বের প্রকাশ। 

টেনিস কোর্ট এখন আর স্রেফ ঘাম আর পেশির লড়াইয়ের ময়দান নেই, সেটি হয়ে উঠেছে প্যারিস বা মিলানের হাই-ফ্যাশন ক্যাটওয়াক! জাপানের নাওমি ওসাকা যখন জাঁকজমকপূর্ণ কস্টিউম পরে ইউএস ওপেনে নিউইয়র্কের কোর্টে নামেন কিংবা আরিনা সাবালেঙ্কার গলায় যখন চার লাখ ডলারের হীরার হার ঝলসে ওঠে, তখন বুঝতে হবে টেনিস তার চেনা বৃত্ত ভেঙে অনেক দূর চলে গেছে। এটি আর স্রেফ একটি খেলা নেই; খেলাকে ছাপিয়ে এ এখন এক বিরাট লাইফস্টাইল, গ্ল্যামার আর সেলিব্রিটি কালচারের ককটেল, যেখানে ড্রপ শটের মরণকামড়ের সমান্তরালেই ফ্লাডলাইটের নিচে রাজত্ব করছে ডিজাইনার পোশাকের সম্মোহন। কোর্টের যুদ্ধটা এখন শুধু ট্রফির নয়, স্টাইলেরও!

চলতি ইউএস ওপেনের উদ্বোধনী সন্ধ্যার ঠিক আগের প্রস্তুতিটা চারবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নাওমি ওসাকার জন্য কিছুটা ব্যতিক্রমী ছিল। কোর্টে অনুশীলন ও পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি নির্জন বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে গ্ল্যামারাস সব ফ্যাশন ফটোশুটের জন্য উপযুক্ত জায়গা খুঁজে বেড়িয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও উইম্বলডনের ধারাবাহিকতায় এবারও নিজের প্রথম রাউন্ডের ম্যাচের জন্য কাস্টম পোশাকে কোর্টে নামেন ওসাকা। বাস্কেটবল কিংবদন্তি অ্যালেন আইভারসনের অনুপ্রেরণায় ল রোচের স্টাইল করা সেই পোশাকে ছিল পোড়া পত্রিকার ক্লিপিংয়ের নকশাযুক্ত হাতাকাটা হুডি এবং সঙ্গে টিউল বলগাউন স্কার্ট। ম্যাচে জয়ের চেয়েও তাঁর এই পোশাকটি বেশি আলোচনায় উঠে এসেছে। এ মৌসুমে জেলিফিশ, আইফেল টাওয়ার, ‘কিলবিল’ ছবির লুসি লিউ কিংবা জাপানি কাগজ কাটার শিল্পকর্মের আদলে তৈরি ওসাকার ওয়াক-অন আউটফিটগুলো টেনিসপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে।

অন-কোর্টে ফ্যাশন দিয়ে নজর কাড়াতে ওসাকা একাই নন; প্রথম রাউন্ডের ম্যাচে প্রায় চার লাখ ইউএস ডলার মূল্যের জুয়েলারি পরে কোর্টে নামেন বিশ্বে নাম্বার ওয়ান আরিয়ানা সাবালেঙ্কা। তাঁর জুয়েলারি স্পন্সর ‘মেটারিয়াল গুড’-এর তৈরি বিশেষ ‘সিলুয়েট’ সেটের অংশ ছিল এটি। প্রতিটি গ্র্যান্ড স্লামের জন্য সাবালেঙ্কার জন্য আলাদা সেট তৈরি করা হয়, যার মধ্যে উইম্বলডনের সেটে ছিল মূল্যবান পান্না (এমেরাল্ড)। 

বর্তমানে শীর্ষ সারির তারকাদের কেবল খেলা নয়, তাদের ফ্যাশন স্টেটমেন্ট দেখতেও অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শকরা। সাবালেঙ্কা ও ওসাকার এসব পোশাক-আশাক নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ চলছে। ভোগ, টাইম বা ভ্যানিটি ফেয়ারের মতো বিশ্বখ্যাত ম্যাগাজিনগুলোতে নিয়মিত জায়গা করে নিচ্ছেন তারা। অ্যাক্টিভ নাইকি খেলোয়াড়দের মধ্যে একমাত্র ওসাকারই নিজের মতো কাস্টম টেনিস কিট ব্যবহারের অনন্য চুক্তি রয়েছে, যা অন্য কারও নেই। তবে সাবালেঙ্কার জন্য এক্সক্লুসিভ পোশাকের সুযোগ না থাকায় ফরাসি ওপেনে একটি বিড়ম্বনা তৈরি হয়েছিল। 

২০২৭ সাল নাগাদ সাবালেঙ্কা নিজের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের আশা করছেন। তরুণ তারকা কোকো গফও কম যান না। ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড ‘মিউ মিউ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিউ ব্যালান্সের সঙ্গে সমন্বয় করে কাস্টম আউটফিট পরছেন, যা উইম্বলডনে তাঁকে ‘সেরা পোশাকধারী’র তালিকায় জায়গা করে দিয়েছিল।

কোর্টের এই গ্ল্যামার কিন্তু স্রেফ চোখের বিলাসিতা নয়, এর পেছনে লুকিয়ে রয়েছে কোটি কোটি ডলারের এক নির্মম করপোরেট খেলা।

আরও পড়ুন

×