পাকিস্তানের ক্রিকেট শেষ, এমন দাবি অযৌক্তিক: নাকভি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৪৫
খারাপ সময়ের চক্করেই পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথম দুই ম্যাচে হারায় বাবরদের নিয়ে সমালোচনা তুঙ্গে। অনেক ক্রিকেট বিশ্লেষকই বলছেন, পাকিস্তানে ক্রিকেট শেষ। এবার এমন দাবিকে সরাসরি নাকচ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তার মতে, সাম্প্রতিক কিছু ব্যর্থতা দিয়ে দেশের ক্রিকেটের সামগ্রিক চিত্র বিচার করা অযৌক্তিক।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে এখন পর্যন্ত চার ইনিংসেই পাকিস্তানের ব্যাটিং হতাশ করেছে। টানা ব্যর্থতার পর তৃতীয় টেস্টের আগে দলেও বড় পরিবর্তন এনেছে পিসিবি। প্রাথমিক স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে সাত ক্রিকেটার ও দুই কোচকে। সব মিলিয়ে পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে দেশটির ক্রিকেট অঙ্গনে নতুন করে প্রশ্ন উঠেছে।
লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাকভি এসব সমালোচনার জবাব দেন। তিনি সাম্প্রতিক সময়ে অন্য বড় দলগুলোর অপ্রত্যাশিত পরাজয়ের উদাহরণ টেনে বলেন, একটি-দুটি ব্যর্থতা দিয়ে কোনো দেশের ক্রিকেট শেষ হয়ে গেছে বলা যায় না। নাকভি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা নামিবিয়ার কাছে হেরেছিল, ভারত আয়ারল্যান্ডের কাছে। সেগুলো তো একটু মনে করুন, সেখানেও কি ক্রিকেট শেষ?’
পিসিবি চেয়ারম্যানের দাবি, তার দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে উন্নতি হয়েছে। ওয়ানডে র্যাংকিংয়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, একসময় পাকিস্তান অষ্টম স্থানে থাকলেও এখন তারা পাঁচ নম্বরে উঠে এসেছে। নাকভির ভাষ্য, ‘একটা সময় ওয়ানডেতে অষ্টম র্যাংকিংয়ে থাকতে অভ্যস্ত ছিলাম আমরা, এখন সেটা পাঁচে উঠেছে। ছয়টি ওয়ানডে সিরিজ খেলে চারটি জিতেছি, কিন্তু এখনও বলা হচ্ছে আমাদের ক্রিকেট শেষ। আমাদের সাফল্যের হার ২৪ শতাংশ থেকে বেড়ে ৭৩ শতাংশ।’ তবে টেস্ট ক্রিকেটে আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে স্বীকার করেছেন নাকভি। কিন্তু পুরো ক্রিকেট কাঠামোকেই ব্যর্থ বলে দেওয়ার সঙ্গে তিনি একমত নন।
পিসিবির সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়েও সমালোচনা চলছে। সাবেক অধিনায়ক আজহার আলী মনে করেন, এভাবে একসঙ্গে এত খেলোয়াড় ও কোচকে বাদ দিলে দলের অন্য ক্রিকেটারদের মধ্যেও অনিরাপত্তাবোধ তৈরি হতে পারে। সেই পরিস্থিতি থেকে খেলোয়াড়দের বের করে আনা জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি।
নাকভি অবশ্য সমালোচকদের বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন। তার দাবি, পাকিস্তানের ক্রিকেটের বর্তমান অবস্থাকে এক কথায় শেষ বলে দেওয়া বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, ‘যেসব খেলোয়াড় তাদের জীবনে কোনো কিছু অর্জন করেনি, যখন তারা এমন কথা বলে, এটা অযৌক্তিক।’
- বিষয় :
- পাকিস্তান ক্রিকেট দল
- মহসিন নাকভি