হাসান মাহমুদের বোলিংয়ে জয় পেল কেন্ট
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৭
কাউন্টিতে ফিরেই কেন্টকে জেতালেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। জয়ের জন্য ৩৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল শনিবার শেষ দিনে ২৯৫ রানে গুটিয়ে যায় উস্টারশায়ার। ৮৪ রানের এ জয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন টু থেকে ওয়ানে প্রমোশন পাওয়ার লড়াইয়ে দারুণভাবে ফিরেছে কেন্ট। ১৫৪ পয়েন্ট নিয়ে কেন্ট এখন তিন নম্বরে আছে। ১৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নর্দাম্পটনশায়ার।
প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে দলকে লিড এনে দেওয়া হাসান মাহমুদ দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৩টি মূল্যবান উইকেট। তাঁর দলের বোলারদের মধ্যে তিনি সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন।
৩৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৬৪ রানে ৩ উইকেট হারায় উস্টারশায়ার। গতকাল দিনের শুরুতে চতুর্থ উইকেট রুখে দাঁড়িয়ে ছিলেন অ্যাডাম হোস ও অধিনায়ক ডি’অলিভিয়েরা। ৭৬ রানের এ জুটি ভাঙেন হাসান। ৩৮ রান করা হোসকে এলবির ফাঁদে ফেলেন। এরপর পঞ্চম উইকেটে ডি’অলিভিয়েরা ও হেনরি কুলেন ৮৬ রান যোগ করে উস্টারশায়ারের আশা জাগিয়ে তুলেছিলেন। এবারও এগিয়ে আসেন হাসান। ৪৫ রান করা হেনরি কুলেনকে বোল্ড করে কেন্টকে ম্যাচে ফেরান ডানহাতি এ পেসার।
এ দুটি উইকেট পতনেই উস্টারশায়ারের সম্ভাবনা অনেকটা শেষ হয়ে যায়। শেষ দিকে আরও একটি উইকেট নেন হাসান। অধিনায়ক ডি’অলিভিয়েরা অপরাজিত সেঞ্চুরি করেও ব্যর্থ মনোরথে সাজঘরে ফিরতে বাধ্য হন।
- বিষয় :
- কাউন্টি চ্যাম্পিয়নশিপ
- হাসান মাহমুদ