নকভির নির্দেশে পাকিস্তান ক্রিকেটে সাফাই অভিযান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩১
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিয়ে বিতর্ক থামার লক্ষণ নেই। নানা দিক থেকে চাপের মুখে পড়ে এবার পিসিবিতে সাফাই অভিযান চালানো হবে বলে ইঙ্গিত মিলেছে। অর্থাৎ কর্তাব্যক্তিদের অনেককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এমনকি কোপ পড়তে পারে পিসিবি চেয়ারম্যানের ঘনিষ্ঠ আকিব জাভেদের ওপরও। চেয়ারম্যান নকভির নির্দেশে নাকি এ অভিযান শুরু হচ্ছে।
পিসিবির একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আকিব জাভেদকে নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। লাহোরে হাইপারফরম্যান্স সেন্টারের ডিরেক্ট ডেভেলপমেন্ট পদের দিকে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য নাকি তাঁকে নির্বাচক কমিটি থেকে সরিয়ে দেওয়া হবে।
আকিবকে বলা হয় পিসিবি চেয়ারম্যানের সবচেয়ে বিশ্বস্ত লোক। তাঁকে নির্বাচক কমিটি থেকে সরিয়ে অন্য দায়িত্বে মনোযোগ বলাটা আসলে বাকিদের জন্যও একটি বার্তা। শিগগির পিসিবির আরও কিছু কর্মকর্তার দায়িত্বে রদবদল হতে পারে। সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, রিজওয়ান, ইমাম ও সালমানকে দেশে ফেরানো পিসিবির বৃহত্তম পরিকল্পনার অংশ ছিল।
- বিষয় :
- পিসিবি
- পাকিস্তান ক্রিকেট দল