গেমসের প্রস্তুতি শুরু শান্তর
ছবি- বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৫
বেশি ম্যাচ খেললে নাজমুল হোসেন শান্তর হাঁটুর পুরোনো ব্যথা মাথাচাড়া দেয়। এ বছরের শুরু থেকে টানা খেলার মধ্যে থাকায় সেই ব্যথা অনুভূত হচ্ছিল তাঁর। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকও দেখিয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ মেনে পুনর্বাসন শুরু করেছেন গতকাল শনিবার।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে রানিং করেছেন ট্রেনার ইফতেখার আহমেদ ইফতি ও ফিজিও বায়েজিদুল ইসলাম খানের উপস্থিতিতে। এশিয়ান গেমসের ক্যাম্প শুরুর আগ পর্যন্ত পুনর্বাসনের রুটিন মেনে অনুশীলন করতে পারেন শান্ত। বাঁহাতি এ ব্যাটার নিজেকে প্রস্তুত করছেন গেমসের জন্য। কারণ প্রাপ্ত সুযোগ লাগিয়ে ২০ ওভারের ক্রিকেট দলে জায়গা পাকা করার পরিকল্পনা তাঁর। শান্ত শেষ টি২০ ম্যাচ খেলেছেন ২০২৫ সালের ১৯ মে শারজায় আরব আমিরাতের বিপক্ষে। টেস্ট আর ওয়ানডেতে ভালো করায় তাঁকে টি২০ দলেও নিয়মিত করার পরিকল্পনা আছে জাতীয় দল নির্বাচক প্যানেলের।
প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘বিপিএলে রান করেছে শান্ত। সে একজন ভালো ব্যাটার। তাকে নিয়ে লম্বা পরিকল্পনা আছে। এশিয়ান গেমসে সুযোগ দেওয়া হলো, ওখানে ভালো করলে দল লাভবান হবে। টপঅর্ডারে ব্যাটিং গভীরতা বাড়বে। ২০২৮ সালের টি২০ বিশ্বকাপ মাথায় রেখে টি২০ দলটিকে গোছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বকাপের ছয় মাস আগে পরীক্ষা-নিরীক্ষা শেষ করা হবে।’
১৩ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। মোহাম্মদ সালাউদ্দিন টি২০ দলের প্রধান কোচ। পেস বোলিং কোচ তালহা জুবায়ের, ফিল্ডিং কোচ আশিক মজুমদার কোচিং প্যানেলের সদস্য। লিটন কুমার দাসের নেতৃত্বে পূর্ণ শক্তির জাতীয় দল নিয়ে গেমসে অংশগ্রহণ করবে বাংলাদেশ। ‘এ’ দলের সফরে দক্ষিণ আফ্রিকায় থাকা তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিনরা ক্যাম্পে যোগ দেবেন ১৭ সেপ্টেম্বর। তারা দেশে ফিরবেন এ মাসের ১৪ তারিখ। ইংলিশ কাউন্টির দল কেন্টের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ শেষ করে পেসার হাসান মাহমুদও জাতীয় দলে যোগ দেবেন। ২৪ সেপ্টেম্বর ২০ সদস্যের দল জাপানের উদ্দেশে দেশ ছাড়বে। ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে হংকং বা ওমান।
গেমসের প্রস্তুতির আগে ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ফিটনেস ট্রেনিং। টেস্ট আর ওয়ানডে ক্রিকেটাররা ক্যাম্পে থাকবেন। কয়েকজন টি২০ ক্রিকেটারও ফিটনেস ট্রেনিং করবেন। কারণ অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ও একটি টেস্ট খেলবে আরব আমিরাতে। ত্রিদেশীয় সিরিজের তৃতীয় দল জিম্বাবুয়ে।
- বিষয় :
- নাজমুল হোসেন শান্ত
- এশিয়ান গেমস