ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

বাবরদের ফোন জব্দের নেপথ্যে কি পিসিবির সন্দেহ?

বাবরদের ফোন জব্দের নেপথ্যে কি পিসিবির সন্দেহ?
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:০২

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা পাকিস্তান দলে এবার আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। তৃতীয় টেস্টের আগে বাবর আজমসহ দলের ক্রিকেটারদের মোবাইল ফোন জমা নেওয়ার নির্দেশ দিয়েছেন কোচ মাইক হেসন। এজবাস্টন টেস্ট শেষ না হওয়া পর্যন্ত ফোনগুলো ক্রিকেটারদের কাছে থাকবে না বলে জানা গেছে।

শুধু মোবাইল ফোন নয়, ক্রিকেটারদের চলাফেরাতেও বিধিনিষেধ আরোপ করেছেন হেসন। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টেস্ট চলাকালে খেলোয়াড়েরা হোটেলের বাইরে যেতে পারবেন না এবং বাইরের কারও সঙ্গে দেখা করতেও নিষেধ করা হয়েছে। দলের সবাইকে আপাতত শুধু ম্যাচ ও নিজেদের পারফরম্যান্সে মনোযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে ব্যর্থতার পর পাকিস্তান দল নিয়ে এমনিতেই তোলপাড় চলছে। সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর নির্বাচকদের সঙ্গে আলোচনা না করেই সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের জায়গায় নতুন সাতজনকে দলে নেওয়া হয়েছে। একই সময়ে টেস্ট দলের অন্তর্বর্তীকালীন কোচ সরফরাজ আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছে, বরখাস্ত করা হয়েছে বোলিং কোচ উমর গুলকেও।

এই পরিস্থিতির মধ্যেই ক্রিকেটারদের ফোন জব্দের খবর নতুন করে বিতর্ক তৈরি করেছে। একটি পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, ফোন জমা নেওয়ার সিদ্ধান্তটি হেসনের হলেও এর পেছনে পিসিবি কর্তাদের নির্দেশনা রয়েছে।

প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, প্রথম দুই টেস্টে দলের পারফরম্যান্সের পেছনে কোনো অনিয়ম বা ম্যাচ-ফিক্সিংয়ের মতো বিষয় রয়েছে কি না, তা নিয়ে পিসিবির মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। সে কারণেই ক্রিকেটারদের ফোন পরীক্ষা-নিরীক্ষা করা হতে পারে বলে জানানো হয়েছে। পিসিবি এ বিষয়ে কোনো নির্দিষ্ট অভিযোগ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

আরও পড়ুন

×