ফিফার অর্থায়নে রামুতে বাফুফের টেকনিক্যাল সেন্টার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫২
নানা জটিলতার পর অবশেষে কক্সবাজারের রামুতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের ফুটবল টেকনিক্যাল সেন্টার। ফিফার অর্থায়নে বাফুফে টেকনিক্যাল সেন্টার নির্মাণের লক্ষ্যে সরকারের দেওয়া ১৫ দশমিক ২০ একর জমির রেজিস্ট্রেশন ও হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দুপুরে কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বাফুফের পক্ষে জমি রেজিস্ট্রেশনসংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। অন্যদিকে সরকারের পক্ষে স্বাক্ষর করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী।
আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে অবশেষে বাফুফের একটি নিজস্ব স্থাপনা হচ্ছে। যেখানে নারী ও পুরুষ দুই বিভাগে জাতীয় ও বিভিন্ন বয়সভিত্তিকসহ জাতীয় দলের ক্যাম্প আয়োজন করবে বাফুফে। টেকনিক্যাল সেন্টারে আন্তর্জাতিক মানের তিনটি ফুটবল মাঠ থাকবে, যার দুটি ঘাসের; অন্যটি টার্ফের। খেলোয়াড়-কোচদের জন্য করা হবে দুটি চারতলা ডরমিটরি। থাকবে জিমনেশিয়াম, সুইমিংপুল, চিকিৎসা ও পুনর্বাসন-সুবিধা, ক্যান্টিন, কনফারেন্স কক্ষসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা।
বাফুফের টেকনিক্যাল কমিটির প্রধান কামরুল হাসান জানান, টেকনিক্যাল সেন্টারের জন্য ফিফার কাছ থেকে দুই কিস্তিতে প্রায় ৬৫ কোটির টাকা পাওয়া যাবে। সংশ্লিষ্টরা মনে করছেন, পর্যটননগরী কক্সবাজারের পার্শ্ববর্তী রামুতে বাফুফের টেকনিক্যাল সেন্টার নির্মিত হলে ফুটবল অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি স্থানীয় পর্যায়েও সম্ভাবনার দ্বার খুলবে।