১,৬০০ টাকায় হামজাদের নতুন জার্সি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:২৫
বাংলা বর্ণমালার নকশায় নতুন সাজে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। লাল-সবুজের ঐতিহ্যের সঙ্গে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা মিলিয়ে জাতীয় দলের নতুন হোম ও অ্যাওয়ে জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কিট পার্টনার দেশীয় প্রতিষ্ঠান ‘দৌড়’। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নতুন জার্সি উন্মোচন করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
নতুন হোম জার্সিতে প্রাধান্য পেয়েছে সাদা রং। সবুজ কলার ও দুই পাশে লাল বর্ডারের সঙ্গে জার্সির পুরো জমিনে রয়েছে বাংলা বর্ণমালার নকশা। বুকের অংশে লাল রঙে বাফুফের লোগো ও খেলোয়াড়দের নম্বর রাখা হয়েছে। সাদা জার্সির সঙ্গে থাকছে লাল শর্টস ও সাদা মোজা।
অ্যাওয়ে কিটে অবশ্য ফিরে এসেছে চেনা লাল-সবুজের আবহ। সবুজ জার্সির কাঁধজুড়ে রয়েছে লাল স্ট্রাইপ। হোম কিটের মতো এখানেও বাংলা হরফের নকশা ব্যবহার করা হয়েছে, যা এমবসড টেক্সচারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এ জার্সিতে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লোগো ও খেলোয়াড়দের নম্বর রাখা হয়েছে সাদা রঙে। সঙ্গে থাকছে সবুজ শর্টস ও মোজা।
নতুন জার্সির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। ‘দৌড়’এর স্বত্বাধিকারী আবিদ আলম চৌধুরি জানিয়েছেন, ফেব্রিকের কারণে দাম কিছুটা বেশি হয়েছে। তবে ভবিষ্যতে ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে ফ্যান এডিশন জার্সি বাজারে আনার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে অনলাইনে জার্সি বিক্রি করলেও ‘দৌড়’-এর নিজস্ব শোরুম নেই। সমর্থকদের সুবিধার জন্য অফলাইনেও জার্সি বিক্রির ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
বাফুফের সঙ্গে ‘দৌড়’-এর চুক্তির মেয়াদ দুই বছর। প্রতিষ্ঠানটির দাবি, গত এক বছরে প্রায় ২০ হাজার জাতীয় দলের জার্সি বিক্রি হয়েছে এবং চুক্তি অনুযায়ী নিয়মিত বাফুফেকে রয়্যালিটি দেওয়া হচ্ছে। অতিরিক্ত আন্তর্জাতিক ম্যাচের জন্য চুক্তির বাইরে কয়েক হাজার জার্সিও সরবরাহ করেছে তারা।
- বিষয় :
- বাংলাদেশ ফুটবল
- বাফুফে
- হামজা চৌধুরী
- জার্সি