ইউএস ওপেন
প্রত্যাবর্তনের গল্প লিখলেন ঝেং
ম্যাচ পয়েন্ট নিশ্চিত হতেই র্যাকেট পেছনে ফেলে আনন্দে কোর্টে শুয়ে পড়েন ঝেং কিনওয়েন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:২৫
আর্থার অ্যাশ স্টেডিয়ামে ম্যাচ পয়েন্ট নিশ্চিত হতেই র্যাকেট পেছনে ফেলে আনন্দে কোর্টে শুয়ে পড়েন ঝেং কিনওয়েন। তাঁর বিস্ময়মাখা হাসিতে বোঝা যাচ্ছিল, তিনি হয়তো বিশ্বাস করতে পারছিলেন না ঘটনাটি। ৫-০ গেমে পিছিয়ে পড়েও সেই ম্যাচ জেতা তো অসাধ্য সাধনই। তাও একবার নয়, ইউএস ওপেনে টানা দ্বিতীয় ম্যাচে ৫-০তে পিছিয়ে পড়ে সেট জিতেছেন চীনের এই তারকা।
মেয়েদের এককে চতুর্থ রাউন্ডে গত সোমবার ছয়টি গ্র্যান্ডস্লামজয়ী ইগা সিয়নটেক প্রথম সেটে ৫-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন ঝেংয়ের বিপক্ষে। তারপরই হঠাৎ সব বদলে যায়। অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ান ঝেং। ওই সেট তো জিতেনই, পরবর্তী ১৬টি গেমের মধ্যে ১৩টি জিতে (৭-৫, ৬-৩) কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন।
তৃতীয় রাউন্ডে ম্যাডিসন কিসের বিপক্ষেও একই কাণ্ড করেছিলেন প্যারিস অলিম্পিকে স্বর্ণজয়ী ঝেং। ওই ম্যাচে চূড়ান্ত সেটে ৫-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন ম্যাডিসন। কিন্তু সেখান থেকে টানা সাত গেম জিতে ম্যাচ বের করে নেন চীনের এই তারকা। কোয়ার্টার ফাইনালে তিনি ইয়েলেনা রাইবিকিনার মুখোমুখি হবেন। র্যাঙ্কিংয়ে দ্বিতীয় রাইবিকিনা ৬-১, ৬-৪ গেমে নাউমি ওসাকাকে হারিয়ে শেষ আটে এসেছেন।
গত বছর কনুইয়ে অস্ত্রোপচারের পর র্যাঙ্কিংয়ে ১২১ নম্বরে নেমে গিয়েছিলেন ঝেং। অথচ দুই বছর আগে তিনি চার নম্বরে উঠেছিলেন। টানা দুই ম্যাচে ৫-০তে পিছিয়ে পড়ে জেতাকে ভাগ্যের ছোঁয়া বলতে নারাজ ঝেং, ‘শনিবারের মতো আজও ০-৫ থেকে ঘুরে দাঁড়ানোটা কেবল ভাগ্যের জোরে হতে পারে না। আমি শুধু পয়েন্ট ধরে ধরে খেলেছি।’ ২৩ বছর বয়সী এ তারকা আরও জানান, প্রতিটি পয়েন্ট ধরে খেলার পথে র্যালিতে তিনি এতটাই মগ্ন ছিলেন যে স্কোরলাইনের হিসাব ভুলে গিয়েছিলেন।