ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

সেমিতে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

নারী এশিয়া কাপ টি২০ টুর্নামেন্ট

সেমিতে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ
×

ইউএইর বিপক্ষে ৪ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট নেন পেসার মারুফা আক্তার

ক্রীড়া প্রতিবেদক 

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৩২ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৩৭

নারী এশিয়া কাপ টি২০ টুর্নামেন্টে শেষ দল হিসেবে সেমিফাইনালে উন্নীত হলো বাংলাদেশ। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক আরব আমিরাতকে ৩৪ রানে হারান নিগার সুলতানা জ্যোতিরা। এ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ দ্বিতীয় দল হিসেবে খেলছে সেরা চারে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। কাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই প্রতিবেশী। 

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেনি বাংলাদেশ। ওপেনিং জুটি ভাঙে শূন্য রানে। কট্টির বলে আউট হন দিলারা আক্তার। পরের জুটিও বড় হয়নি। কট্টির দ্বিতীয় শিকার সোভানা মুস্তারি। সুপ্রিয়া আউট করেন জুয়াইরাকে। ৩৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দল। সেট ব্যাটার নিগার সুলতানা জ্যোতিকেও ইনিংস বড় করতে দেননি ইউএই বোলার কট্টি।

২৩ রানে কট অ্যান্ড বোল্ড আউট করেন তিনি। সেখান থেকে ইনিংস বড় করেন শারমিন আক্তার ও নাহিদা আক্তার। ৪২ রানের জুটি দুজনের। শারমিন ৩৮ রান করেন ৩১ বলে। ৩টি চারে সাজানো ইনিংস তাঁর। নাহিদা অপরাজিত ১৬ রানে। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান করে বাংলাদেশ। কট্টি ৩ ও ইন্দুজা ২ উইকেট নিয়েছেন।

জবাব দিতে নেমে ইউএই নিয়মিত বিরতিতে উইকেটে হারাতে থাকায় ধরে খেলার কৌশল নেয়। বাংলাদেশের বোলাররা সমন্বিত বোলিং দিয়ে স্বাগতিকদের আটকে দেন ৯ উইকেটে ৬৯ রানে। 

আরও পড়ুন

×