ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ইউএস ওপেন

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন
×

বেন শেলটন ও কার্লোস আলকারাজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:২৬ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৩৫

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে এক রুদ্ধশ্বাস লড়াইয়ে স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজকে বিদায় করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের বেন শেলটন। পাঁচ সেটের এই ম্যারাথন লড়াইয়ে শেষ হাসি হেসেছেন শেলটন, নিশ্চিত করেছেন টুর্নামেন্টের সেমিফাইনাল। 

এ জয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো আলকারাজকে হারিয়েছেন শেলটন। আগের তিন দেখায় জয় পেয়েছিলেন আলকারাজ। 

এ দিন আর্থার অ্যাশ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই তারকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। প্রথম সেটে টাইব্রেকে ৭-৬ (৭-৫) গেমে জয় তুলে নিয়ে লিড নেন আলকারাজ। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুটি সেট ৬-১ ও ৬-৩ গেমে নিজের করে নেন শেলটন। চতুর্থ সেটে আলকারাজ ৬-১ গেমে জয় পেয়ে ম্যাচে সমতা ফেরালেও, পঞ্চম সেট ৬-৬ ব্যবধানে শেষ হলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। টাইব্রেকে ১০-৭ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেন শেলটন।

পরিসংখ্যানের দিকে তাকালেও এই ম্যাচে শেলটনের আধিপত্য স্পষ্ট বোঝা যায়। বিশেষ করে সার্ভিসের ক্ষেত্রে তিনি আলকারাজকে বেশ ভুগিয়েছেন। পুরো ম্যাচে শেলটনের দ্রুতগতির ফার্স্ট সার্ভিস ফেরাতে বেগ পোহাতে হয়েছে আলাকারাজকে। শেলটন যেখানে ৭টি অ্যাস করেছেন, সেখানে আলকারাজের অ্যাস ছিল মাত্র ৩টি। এছাড়া ডাবল ফল্টের ক্ষেত্রে শেলটন মাত্র ২টি ভুল করলেও আলকারাজ ৭টি ডাবল ফল্ট করে বসেন। 

ব্রেক পয়েন্টের সুযোগ কাজে লাগানোর দিক থেকেও এগিয়ে ছিলেন শেলটন। ১৬ ব্রেক পয়েন্টের সুযোগ পেয়ে ৫টি কাজে লাগিয়েছেন শেলটন, বিপরীতে আলকারাজ ১১টির মধ্যে জিতেছেন ৩টি।

ফাইনালের লক্ষ্যে বাংলাদেশ সময় আগামী শনিবার নিজ দেশের ফ্রান্সেস টিয়াফোর বিরুদ্ধে একই মাঠে নামবেন শেলটন।  

আরও পড়ুন

×