পোর্তোর বিপক্ষে সিটির জয় ছাপিয়ে আলোচনায় মারামারি
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫১ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫১
চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর মাঠে জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। তবে ২-০ গোলের এই জয়ের চেয়ে ম্যাচের উত্তাপ ও দুই দলের খেলোয়াড়দের মারামারিই বেশি আলোচনায় এসেছে। দুই গোলই করেছেন আর্লিং হালান্ড।
এস্তাদিও দো দ্রাগাওয়ে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বরং বিরতির আগে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মার্ক গুয়েহি ও গ্যাব্রি ভেইগার সংঘর্ষকে কেন্দ্র করে শুরু হয় বাদানুবাদ। ভেইগা চিকিৎসা নেওয়ার সময় দুই দলের খেলোয়াড়েরা জড়ো হয়ে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
প্রথমার্ধের শেষ বাঁশির পরও থামেনি উত্তেজনা। খেলোয়াড়েরা টানেলের দিকে যাওয়ার সময় দুই দলের সদস্যদের মধ্যে ফের ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে হয় নিরাপত্তাকর্মীদের।
মাঠে ফিরে অবশ্য দ্রুতই সেই উত্তাপের জবাব দেয় সিটি। বিরতির পর মাত্র দুই মিনিটের মধ্যেই এগিয়ে যায় সফরকারীরা। রায়ান শেরকির বল ধরে রাখার পর এনজো ফার্নান্দেজের ক্রস থেকে দারুণ হেডে গোল করেন হালান্ড।
গোল হজমের পর পোর্তো আক্রমণে ফিরলেও সমতা ফেরাতে পারেনি। স্বাগতিকদের কয়েকটি সুযোগ অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। একটি আক্রমণে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার সঙ্গে সংঘর্ষের পর পেনাল্টির দাবিও তুলেছিল পোর্তো, তবে রেফারি তাতে সাড়া দেননি।
শেষ দিকে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে পোর্তো। তবে সিটির রক্ষণ ও দোন্নারুম্মার দৃঢ়তায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। যোগ করা সময়ের একেবারে শেষ দিকে আবারও গোল করেন হালান্ড। রায়ান আইত-নুরির কাটব্যাক থেকে কাছ থেকে বল জালে পাঠিয়ে সিটির জয় নিশ্চিত করেন তিনি।
তবে ম্যাচ শেষ হওয়ার আগেও উত্তেজনার রেশ ছিল। হালান্ডের ওপর পাবলো রোসারিওর ফাউলকে কেন্দ্র করে আবারও দুই দলের খেলোয়াড়েরা জড়ো হন। পরিস্থিতি সামলাতে রেফারিকে হস্তক্ষেপ করতে হয়। পোর্তোর কোচ ফ্রান্সেসকো ফারিওলিও দেখেন হলুদ কার্ড। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। তবে ম্যাচে আলোচনার বিষয় হয়ে থাকল দুই দলের খেলোয়াড়দের উত্তপ্ত পরিস্থিতি।
- বিষয় :
- ম্যানচেস্টার সিটি
- চ্যাম্পিয়ন্স লিগ