ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ব্যালন ডি’অর কার প্রাপ্য, জানালেন অঁরি

ব্যালন ডি’অর কার প্রাপ্য, জানালেন অঁরি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৩৩

২০২৬ সালের ব্যালন ডি’অর কার হাতে উঠতে পারে, সেই আলোচনায় নিজের পছন্দের নাম জানিয়েছেন ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি। আর্সেনাল ও বার্সেলোনার সাবেক এই তারকার ভোট কিলিয়ান এমবাপ্পের পক্ষে। তার পরের পছন্দ মাইকেল অলিসে।

মঙ্গলবার ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ‘ফ্রান্স ফুটবল’। সেখানে জায়গা পেয়েছেন এমবাপ্পে, অলিসে ও লিওনেল মেসিসহ বিশ্বের শীর্ষ তারকারা।

‘ফুট মারকাতো’কে অঁরি বলেন, বিশ্বকাপ জিততে পারলে মেসিই সম্ভবত ব্যালন ডি’অর জিততেন। অলিসেও তাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দিতেন। তবে নিজের পছন্দ হিসেবে এমবাপ্পেকেই এগিয়ে রাখছেন তিনি।

এমবাপ্পে কোনো দলীয় শিরোপা জেতেননি, এমন যুক্তি দিয়েও তাকে পিছিয়ে রাখা উচিত নয় বলে মনে করেন অঁরি। তার মতে, ব্যালন ডি’অর জেতার আগে অনেক খেলোয়াড়েরই সংশ্লিষ্ট বছরে বড় কোনো শিরোপা ছিল না।

ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে এমবাপ্পেকে এগিয়ে রাখার কারণও ব্যাখ্যা করেছেন অঁরি। তার মতে, চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়া এমবাপ্পের কৃতিত্বকে আলাদা করে তুলে ধরে। একইভাবে অলিসের অ্যাসিস্টের সংখ্যাও তাকে মুগ্ধ করেছে।

অঁরির ভাষায়, ‘আমার কাছে কিলিয়ানই সেরা। ব্যক্তিগতভাবে সে যা করেছে, তা অসাধারণ। আমি কিলিয়ানকে বেছে নেব, তবে তার খুব কাছেই থাকবে মাইকেল অলিসে।’

এবারের ৩০ জনের তালিকায় এমবাপ্পে ও অলিসের পাশাপাশি মেসি, উসমান দেম্বেলে, ভিনিসিয়ুস জুনিয়র, লামিনে ইয়ামাল, এরলিং হলান্ড, হ্যারি কেইন, ভিটিনিয়া, রদ্রি, ব্রুনো ফার্নান্দেসসহ আরও তারকা রয়েছেন।

আরও পড়ুন

×