ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং

ভারতের বিপক্ষে জ্যোতিদের ভরসা বোলিং
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৩৩

টি২০ সংস্করণে বাংলাদেশের উন্নতি বা সক্ষমতা পরীক্ষা হয়েছে শেষ টি২০ বিশ্বকাপে। ইংল্যান্ডের কন্ডিশনে পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়ে ২০২৮ সালের টি২০ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। সেদিক থেকে দেখলে এই সংস্করণে উন্নতি আছে নারী ক্রিকেটে।

উন্নতির গ্রাফটা পরখ করে দেখার দারুণ একটা সুযোগ এসেছে টি২০ এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে। আজ বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতকে হারাতে পারলে এশিয়া কাপে দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন উঁকি দেবে। ভালো খেলার সম্ভাবনা বাড়বে এশিয়ান গেমসে। তাই নিগার সুলতানা জ্যোতিরা মরিয়া হয়ে চেষ্টা করবেন ভারতকে হারাতে। গতকাল বুধবার দুবাই থেকে এক ভিডিও বার্তায় জয়ের কথাই শোনান পেসার মারুফা আক্তার। প্রতিপক্ষ ভারত বলে হয়তো আশায় ঘরবসতি।

২০ ওভারের ক্রিকেটে ভারতের বিপক্ষে খুব বেশি জয় না থাকলেও একটি রোমাঞ্চকার স্মৃতি উজ্জীবিত করবে জ্যোতিদের। ২০১৮ সালে টি২০ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিলেন সালমা খাতুনরা। ওই ম্যাচে দারুণ বোলিং করেছিল বাংলাদেশ। ৯ উইকেটে ১১২ রানে আটকে রেখেছিল শক্তিশালী ভারতকে। হারমান প্রীতদের বিপক্ষে শেষ জিতেছিল তিন বছর আগে। ওই ম্যাচেও বোলারদের কৃতিত্ব ছিল নজরকাড়া। ভারত ১০২ রান করেছিল ৯ উইকেটে। দুবাইয়ের তপ্ত মরুর বুকে জয়ের ফুল ফোটাতে হলে বোলিং কাঁটায় ক্ষতবিক্ষত করতে হবে ভারতকে। গত ১২ মাসে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন জ্যোতিরা। ভারতকে টি২০ বিশ্বকাপে চাপে রেখেছিলেন। 

এবার টি২০ বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পেছনেও ছিল বোলিং। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল পাকিস্তানকে ৮ উইকেটে ১০০ রানে আটকে দিয়েছিলেন মারুফা আক্তাররা। পেস-স্পিন মিলিয়ে দারুণ একটি বোলিং ইউনিট বাংলাদেশের। এই এশিয়া কাপে সুইং বোলার মারুফা দারুণ বোলিং করছেন। গ্রুপ পর্বে খেলা তিনটি ম্যাচের প্রতিটিতে প্রথম স্পেলে ব্রেক থ্রু দিয়েছেন ওপেনিং জুটি ভেঙে। শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুকে মাত্র ১ রানে আউট করেন। তাঁর বোলিং ইকোনমি ৩.২৭। টুর্নামেন্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা ও রাওয়ালকে নিয়ে গঠিত ভারতের শক্তিশালী টপ-অর্ডারকে অকার্যকর করতে হলে ভালো বোলিং করতে হবে মারুফাকে। লেগ ও অফস্পিন বোলিংকে কাজে লাগাতে হবে সমন্বিতভাবে। গতকাল বুধবার দুবাই থেকে দলীয় প্রতিনিধি মারুফা এক ভিডিও বার্তায় সেমিফাইনাল ম্যাচ নিয়ে বলেন, ‘আমরা সেমিফাইনালে ওঠায় ব্যক্তিগতভাবে অনেক খুশি। কাল (আজ) ভারতের সঙ্গে আমাদের ম্যাচ। আমরা ম্যাচটি জিততে পারলে ফাইনাল খেলব। আমাদের জন্য দোয়া করবেন।’ গ্রুপ পর্বের তিন ম্যাচে যেভাবে খেলেছেন, সেমিফাইনালে ভারতের বিপক্ষেও তার ধারাবাহিকতা রাখতে চান মারুফা।

আরবের গরম আবহাওয়ায় রান করা কঠিন। এ পর্যন্ত দলীয় সর্বোচ্চ সংগ্রহ ১৬০ রান। হংকংয়ের বিপক্ষে ওই রান করেছিল ভারত। গরম ও আর্দ্রতার কারণে উইকেট থেকে বেশি সুবিধা পাচ্ছেন স্পিনাররা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় দলের স্লো বোলাররা কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে চেষ্টা করবেন। পরিসংখ্যান বলছে, এবারের টুর্নামেন্টে অনুষ্ঠিত ১২টি ম্যাচের ৮টি জিতেছে আগে ব্যাট করা দল। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে খেলা শুরুর সময়ও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকার সম্ভাবনা রয়েছে। যেটি আগে ফিল্ডিং করা দলের জন্য চ্যালেঞ্জিং। 

আরও পড়ুন

×