ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

জাপানের কাছে হেরে জুনিয়র বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের

জাপানের কাছে হেরে জুনিয়র বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:১০

জুনিয়র এশিয়া কাপ হকিতে হতাশার সমাপ্তি বাংলাদেশের। ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৬-২ গোলে হেরে আগামী যুব হকি বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

চীনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিল জাপানের। দ্বিতীয় মিনিটেই সেয়া ইয়ামাদার ফিল্ড গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে ২৯ মিনিটে ইউনোসুকে সোন পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন। এক মিনিট পর শোতা হানায়ামার ফিল্ড গোলে ৩-০ করে জাপান।

তৃতীয় কোয়ার্টারেও একই ধারায় এগোয় ম্যাচ। ৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রিনতারো সাকাই গোল করলে ব্যবধান হয় ৪-০। ৪১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সাকাই। একই মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে প্রথম গোল এনে দেন মেহেদী। তবে এরপর আবারও জাপানের আক্রমণের মুখে পড়ে বাংলাদেশ। 

৪৫ মিনিটে কিয়োয়া তোয়া গোল করলে জাপানের লিড দাঁড়ায় ৬-১। শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান মুন্না। ৫০ মিনিটের ওই গোলে স্কোর হয় ৬-২। এরপর আর কোনো গোল না হওয়ায় বড় হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচে জাপান ১০টি পেনাল্টি কর্নার পেলেও বাংলাদেশ পেয়েছিল ১২টি। তবে সুযোগগুলো কাজে লাগাতে না পারায় ব্যবধান কমানোর সুযোগও নষ্ট হয়।

এই হারে টুর্নামেন্টে সেরা পাঁচে থাকার সম্ভাবনার পাশাপাশি যুব বিশ্বকাপে খেলার সুযোগও শেষ হয়ে গেল বাংলাদেশের। আগামীকাল সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শেষ করবে বাংলাদেশ।

এর আগে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী দলও জাপানের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। ২-০ গোলের ওই হারে তাদেরও বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নষ্ট হয়েছে। তবে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জয় পেলে নারী দলের বিশ্বকাপে খেলার সুযোগ এখনও থাকতে পারে।

আরও পড়ুন

×