ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ফিফার অর্থ আত্মসাৎ, দুই দেশের সাবেক সভাপতি নিষিদ্ধ

ফিফার অর্থ আত্মসাৎ, দুই দেশের সাবেক সভাপতি নিষিদ্ধ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:২১

ফিফার তহবিল ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই দেশের সাবেক ফুটবল ফেডারেশন সভাপতিকে আজীবন নিষিদ্ধ করেছে ফিফা । ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, মন্টসেরাটের ভিনসেন্ট ক্যাসেল ও মালদ্বীপের বাসাম আদিল জালিলের বিরুদ্ধে পৃথক তদন্ত শেষে এই শাস্তি দেওয়া হয়।

ফিফার নৈতিকতা কমিটির বিচারকরা ক্যাসেলকে দায়িত্বের অপব্যবহার, স্বার্থের সংঘাত ও ফিফার অর্থ অপচয়ের জন্য দোষী সাব্যস্ত করেছেন। তাকে আজীবন নিষেধাজ্ঞার পাশাপাশি ১০ লাখ সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে। ফেডারেশনের কর্মীদের শারীরিক ও মানসিক নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

মালদ্বীপের সাবেক সভাপতি জালিলের বিরুদ্ধে অভিযোগ, করোনাকালে ফিফার দেওয়া কোভিড-১৯ তহবিলের অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, প্রায় ১২ লাখ ডলার আত্মসাৎ করে অ্যাপার্টমেন্ট কেনায় ব্যয় করেছিলেন জালিল। এ ঘটনায় তাকে ২৩ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছিল। ফিফা তাকে আজীবন নিষিদ্ধ করার পাশাপাশি ১০ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করেছে।

ক্যাসেলের সহযোগী ও মন্টসেরাট ফুটবল সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ট্যান্ডিকা হিউজকেও ১৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। লেনদেনে সহায়তার অভিযোগে তাকে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। একই ঘটনায় মালদ্বীপের সাবেক অর্থ পরিচালক মোহাম্মদ আগিল ১০ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন। তার জরিমানা ১ লাখ সুইস ফ্রাঁ।

ফিফার ভাষ্য, আগিল অর্থ অপব্যবহারে সহায়তা ও তা গোপন করা, জাল নথি ব্যবহার এবং তদন্তে সহযোগিতা না করার কারণে শাস্তি পেয়েছেন।

আরও পড়ুন

×