বিগ ব্যাশে নাহিদের খেলা নিয়ে যা বলল বিসিবি
ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৩৪
বিগ ব্যাশ লিগে (বিবিএল) নাহিদ রানাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে দুটি ফ্র্যাঞ্চাইজি। তবে চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ডানহাতি পেসারকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের প্রয়োজন মিটিয়েই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, নাহিদকে পেতে আগ্রহী অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডস। গ্রেড-টু সাইড স্ট্রেইন থেকে সেরে উঠলেও এখনো তার পুনর্বাসন প্রক্রিয়া শেষ হয়নি। বোলিং ফিটনেস ফিরে পাওয়ার পরই মাঠে ফেরার অনুমতি পাবেন তিনি।
নাফীস বলেন, ‘নাহিদ এখনো পুরোপুরি ফিট নয়। তার পুনর্বাসন শেষ করতে হবে এবং বোলিং ফিটনেস ফিরে পেতে হবে। আগে তাকে বাংলাদেশ দলের জন্য সম্পূর্ণ প্রস্তুত হতে দিন। এরপর সময় ও সুযোগ থাকলে বিসিবি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিষয়টি বিবেচনা করবে।’
তিনি আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ দল এবং খেলোয়াড়দের সুস্থতা। এরপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। গত নয় মাসে আমরা ২৯টি অনাপত্তিপত্র দিয়েছি। তাই খেলোয়াড়দের সুযোগ দেওয়ার বিষয়ে আমরা যথেষ্ট সমর্থন করছি।’
নাহিদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য চিকিৎসক দলই দিতে পারবে বলে জানান নাফীস। তার ভাষ্য, দলের সঙ্গে অনুশীলনের সময়ও প্রয়োজন অনুযায়ী কোনো ক্রিকেটারের পুনর্বাসন কার্যক্রম চালানো সম্ভব।