ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আরচারিতে পদকের আশা

আরচারিতে পদকের আশা
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০৫

টঙ্গীতে নিবিড় অনুশীলনে আরচাররা। লক্ষ্য এশিয়ান গেমস। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে যে ২২ ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশ, আরচারি তার একটি। আন্তর্জাতিক অঙ্গনে যে ইভেন্টে অংশ নেওয়া মানে কোনো না কোনো সাফল্য নিয়ে আসা। এবার চার ডিসিপ্লিন নিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা পদকের স্বপ্ন দেখছেন। এর মধ্যে আরচারি আছে। কোচ মার্টিন ফ্রেডরিকের অধীনে অনুশীলন করা আব্দুর রহমান আলিফ-রামকৃষ্ণ সাহারা প্রতিদিন তীর-ধনুক হাতে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তাদের একটাই স্বপ্ন, দেশকে পদক এনে দেওয়া। সেই স্বপ্ন দেখাচ্ছেন কোচ মার্টিনও।

রিকার্ভ ও কম্পাউন্ড নারী-পুরুষ মিলিয়ে জাপানে ১২ জন তীরন্দাজ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। তারা হলেন– আব্দুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা, মো. রাকিব মিয়া, নওয়াজ আহমেদ রাকিব, হিমু বচ্চর, ঐশ্বর্য রহমান, সিমা আক্তার শিমু, সায়মা সালাহউদ্দিন, মনিরা আক্তার, বন্যা আক্তার, কুলসুম আক্তার মনি ও পুষ্পিতা জামান। এশিয়ান গেমস সামনে রেখে অনেক দিন ধরেই অনুশীলন করে যাচ্ছেন তীরন্দাজরা। গেমসের আগে দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচ। গতকাল শনিবার সমকালের সঙ্গে তিনি বলেন, ‘প্রস্তুতি বেশ ভালোভাবেই এগোচ্ছে। আমরা সঠিক পথেই আছি…। সব খেলোয়াড় ক্যাম্পে আছে। আমরা কয়েকটি টেস্ট পরীক্ষা নিয়েছি এবং তাদের পারফরম্যান্স বেশ ভালো ছিল। আগামীকাল (আজ) জাতীয় লিগের একটি প্রতিযোগিতা আছে, যেখানে আমাদের মূল লক্ষ্য থাকবে দলগত ইভেন্টগুলোতে ধারাবাহিকতা ও স্থায়িত্ব ধরে রাখা। সব মিলিয়ে সবকিছু ঠিকঠাক আছে।’

আরচারিতে দক্ষিণ কোরিয়ার দাপট পুরোনো। তাদের সঙ্গে আছেন ভারতের আরচাররাও। তাই পদক জয়ের মিশনে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। তবে ব্যক্তিগত চেয়ে দলগত ও মিশ্র দ্বৈতে পদক আশা করছেন মার্টিন, ‘কম্পাউন্ড দল (পুরুষ ও নারী) তাদের পারফরম্যান্সে অনেক বড় অগ্রগতি দেখিয়েছে। কম্পাউন্ড মিশ্র দল বেশ শক্তিশালী অবস্থানে আছে এবং আমাদের রিকার্ভ পুরুষ দলও চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করছে। সব বিভাগ নিয়েই আমি আশাবাদী এবং আমরা পুরো দল একতাবদ্ধ হয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করছি।’ এরপর পদকের কথাটিও সরাসরি বলে দিয়েছেন তিনি, ‘আমাদের লক্ষ্য একটি পদক জয় করা। এর জন্য আমরা কঠোর লড়াই করতে পারি এবং তা করবই।’

দলগতের বাইরে ব্যক্তিগত ইভেন্টেও চমক আসতে পারে বলে জানিয়েছেন মার্টিন, “আমি আপনাদের আগেই বলেছিলাম… পুরো দল নিয়ে আমরা ‘মিশন মেডেল’ জয় করতে চাই, বিশেষ করে দলগত ও মিশ্র দলগত ইভেন্টগুলোর ওপরই আমাদের প্রধান নজর। পাশাপাশি একক ইভেন্টেও যে কোনো খেলোয়াড় চমক দেখাতে পারেন।’ ব্যক্তিগত পর্যায়ে কার কাছে বেশি আশা করছেন– সেই নাম বলেননি তিনি, “আশা করি, বুঝতে পারবেন কেন আমি আলাদাভাবে কোনো একক অ্যাথলেটের নাম উল্লেখ করছি না। তাদের সবার পারফরম্যান্স এতটাই কাছাকাছি যে, আমরা কেবল অপেক্ষায় আছি কে সেই ‘ব্রেক থ্রু’ বা সাফল্য অর্জন করতে পারে।”

সর্বশেষ দুটি বিশ্বকাপে খেলার সুযোগ হয়নি বাংলাদেশের আরচারদের। ঘরের মাঠে ভুটানের প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতি নিয়েছে দল। প্রস্তুতি নিয়ে কিছুটা অতৃপ্তি থাকলেও বাস্তবতা মেনে নিয়েছেন মার্টিন, ‘ভুটানের সঙ্গে যৌথ প্রশিক্ষণ এবং ম্যাচগুলো আমাদের প্রস্তুতির জন্য বেশ দারুণ ছিল। দুর্ভাগ্যবশত প্রস্তুতির অংশ হিসেবে শেষ দুটি বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ আমাদের হাতছাড়া হয়েছে।’

আরও পড়ুন

×