আমেরিকানদের ২৩ বছরের আক্ষেপ ঘুচবে?
বেন শেলটন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১০
ফ্লাশিং মিডোসে ইউএস ওপেন ট্রফি উঁচিয়ে ধরা সর্বশেষ আমেরিকান ছিলেন অ্যান্ডি রডিক। সেটি ২০০৩ সালের কথা। এরপর কোনো আমেরিকান ছেলেদের এককে গ্র্যান্ডস্লাম ট্রফি জিততে পারেননি। বেন শেলটন কি পারবেন ২৩ বছরের আক্ষেপ ঘোচাতে? এজন্য আজকের ফাইনালে নাম্বার ওয়ান আলেক্সান্দার জভেরেভকে হারাতে হবে তাঁর।
আমেরিকানদের আক্ষেপ দীর্ঘায়িত করার ঘোষণা অবশ্য এরই মধ্যে দিয়েছেন জভেরেভ, ‘আশা করছি, রোববার আমি আমেরিকানদের স্বপ্নটাকে সত্য হতে দেব না।’ অবশ্য ইউএস ওপেন জেতার স্বপ্ন জভেরেভের এখনও পূরণ হয়নি। ছয় বছর আগে এই ইউএস ওপেনের ফাইনালে ডমিনিখ থিয়ামের কাছে হারের ক্ষত এখনও শুকায়নি তাঁর। টেনিস ইতিহাসের অন্যতম নাটকীয় সে ম্যাচে প্রথম দুই সেট জিতে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিতেছিলেন অস্ট্রিয়ান থিয়াম। এত কাছে গিয়ে ভেঙে গিয়েছিল জভেরেভের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্ন। এবার সেমিতে রাশিয়ার কারেন খাচানভকে ৬-৩, ৭-৬, ৭-৬ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন জার্মান এ তারকা।
আজ ছয় বছর আগের আক্ষেপ ঘোচানোর পাশাপাশি ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জয়ের সুবর্ণ সুযোগ জভেরেভের সামনে। ছয় বছর আগে স্নায়ুচাপ সামলাতে পারেননি বলেই হেরে গিয়েছিলেন। এরপর তিনি অনেক ফাইনাল খেলেছেন, কদিন আগে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে গ্র্যান্ডস্লাম খরাও কাটিয়েছেন। তাই ভীষণ আশাবাদী ২৯ বছর বয়সী এ জার্মান, ‘সেটা ছিল আমার প্রথম গ্র্যান্ডস্লাম ফাইনাল। আমি অনভিজ্ঞ ছিলাম। তবে এবার সবকিছু ভিন্ন। এরপর অনেক ফাইনাল খেলেছি, অনেক বড় ম্যাচ খেলেছি। আশা করছি ভিন্ন কিছু হবে।’
আসরের বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে বিদায় করে সেমিতে আসা বেন শেলটন আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। অষ্টম বাছাই এ আমেরিকান সেমিতে হারিয়েছেন স্বদেশি বন্ধু ও ‘বড় ভাই’ ফ্রান্সিসকো তিয়াফোকে। উজ্জীবিত নৈপুণ্যে প্রথম সেট জিতে নিয়েছিলেন তিয়াফো। এরপরই ঘুরে দাঁড়ান ২৩ বছরের শেলটন। দুরন্ত সার্ভিস ও ক্ষিপ্রতায় ৪-৬, ৬-৩, ৬-৩, ৭-৫ গেমে জিতে প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম ফাইনাল নিশ্চিত করেন শেলটন। ৩ ঘণ্টা ১৭ মিনিটের লড়াই জিতে ফাইনালে ওঠার পর এ তারকা স্মরণ করেন প্রয়াত দাদি এবং ২৫ বছর আগে নাইন-ইলেভেন হামলায় ক্ষতিগ্রস্তদের। এরপর তিয়াফোকে নিয়ে বলেন, ‘ফ্রান্সিস আমার বড় ভাইয়ের মতো। যখনই আমাদের এই কোর্টে একসঙ্গে খেলার সুযোগ হয়, মুহূর্তটি বিশেষ হয়ে ওঠে।’ ইউএস ওপেনের পুরুষ এককের সেমিতে এই প্রথম দুই কৃষ্ণাঙ্গ আমেরিকান একে অন্যের মুখোমুখি হয়েছিলেন। এতে শেলটন জিতে একটা ইতিহাসের অংশ হয়ে গেছেন। ১৯৭২ সালে আর্থার অ্যাশের পর এই প্রথম কোনো আমেরিকান কৃষ্ণাঙ্গ পুরুষ ইউএস ওপেনের ফাইনালে উঠলেন।