ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুকাবুরা বলে ঘরোয়া লিগ

কুকাবুরা বলে ঘরোয়া লিগ
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৯

এ বছর ঘরোয়া লিগ ও টুর্নামেন্ট খেলা হবে কুকাবুরা বলে। জাতীয় দলের সিরিজ মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে মৌসুম শুরু হবে আগামী অক্টোবরে। চার দিনের ম্যাচগুলো ভালো মানের কুকাবুরা বল দিয়ে খেলা হবে বলে জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। ডিউক বল থেকে কুকাবুরা বলে ফিরে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠেয় পাঁচটি টেস্ট ম্যাচ খেলা হবে কুকাবুরা বলে। এই তিনটি সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে কুকাবুরা বলে লিগ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় দলের পেসারদের পুরোনো বলে রিভার্স সুইংয়ে উন্নতি করাতে জাতীয় ক্রিকেট লিগ ডিউক বলে খেলার সিদ্ধান্ত হয়েছিল বলে জানান প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘আগের কুকাবুরা বলের সিম খুব দ্রুত ভেতরে ঢুকে যেত। পুরোনো বলে পেসাররা তেমন কোনো সুবিধা করতে পারত না। ডিউক বল ৩০ থেকে ৩৫ ওভার পর্যন্ত পেস বোলারদের জন্য উপযোগী থাকে। ওই বিবেচনায় তিন বছর লিগ খেলা হয়েছে ডিউক বলে। এতে বোলারদের পাশাপাশি ব্যাটারদেরও শেখার ছিল। এর মাঝে কুকাবুরা বলের সিম উঁচু করা হয়েছে। ফলে ডিউক বলের মতোই এখন কাজ করে কুকাবুরা বল। এ ছাড়া কুকাবুরা বলেই বেশির ভাগ দেশ খেলে। এই বিষয়টি বিবেচনা করে হয়তো বল পরিবর্তন করা।’ 

জাতীয় দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও কুকাবুরা বলের সিম উঁচু হওয়াকে বড় পরিবর্তন হিসেবে দেখেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শেষে সমকালকে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সিম পরিবর্তন করায় কুকাবুরা বলে ব্যাটিং করা এখন সহজ না। সিম উঁচুতে থাকে, বোলাররা কিছুটা সুবিধা পায়। বাংলাদেশ কুকাবুরা বলে খেললে ভালো করবে।’

ঘরোয়া ক্রিকেটে বল পরিবর্তন করার আগে বেশ কিছু বিষয় খতিয়ে দেখেছেন বিসিবি সভাপতি। প্রথমে এসজি বল দিয়ে লিগ চালাতে চেয়েছিলেন। ভারতীয় কোম্পানির দেওয়া বলের মান কম থাকায় অস্ট্রেলিয়ান বল বেছে নেন। এই সিদ্ধান্তে পৌঁছানোর আগে ক্রিকেটারদের কাছ থেকে তিনটি কোম্পানির বলের ওপর ‘ফিড ব্যাক’ নিয়েছিলেন সভাপতি। তবে কুকাবুরা বলে টানা কয়েক বছর খেলা না-ও হতে পারে। কারণ এটি ব্যয়বহুল আর পরিবহন সময়সাপেক্ষ। 

এ ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এই বছরের জন্য কুকাবুরা বলে খেলার সিদ্ধান্ত হয়েছে। পরে হোম ও অ্যাওয়ে সিরিজ মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরও পড়ুন

×