ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টাইন ক্লাবের ৯০ বছরের রেকর্ড ভাঙল রোনালদোর ক্লাব

আর্জেন্টাইন ক্লাবের ৯০ বছরের রেকর্ড ভাঙল রোনালদোর ক্লাব
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৫

সৌদি প্রো লিগে টানা গোল করার বিশ্ব রেকর্ড গড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। আল খালিজের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে তারা টানা ৯৪ ম্যাচে অন্তত একটি করে গোল করার কীর্তি গড়ে।

এর আগে শীর্ষ কোনো লিগে টানা ৯৩ ম্যাচ গোল করার রেকর্ড ছিল আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের। ১৯৩৩ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত এই রেকর্ড গড়েছিল তারা। আল খালিজের বিপক্ষে ৭২ মিনিটে আব্দুল্লাহ আল-হামদানের গোলে সমতায় ফেরে আল নাসর, আর তাতেই ইতিহাসে নাম লেখায় দলটি।

২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়া রোনালদোর নেতৃত্বেই এসেছে এই রেকর্ড। সৌদি প্রো লিগে এখন পর্যন্ত ১১৩ ম্যাচে ১০৫ গোল করেছেন ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা।

আল নাসরের রেকর্ডযাত্রা শুরু হয় ২০২৩ সালের ডিসেম্বরে আল হিলালের কাছে ৩-০ গোলে হারের পর। পরের ম্যাচে আল রিয়াদকে ৪-১ গোলে হারানোর মধ্য দিয়ে শুরু হয় তাদের টানা গোলের অভিযান।

তবে রেকর্ড গড়েও ম্যাচটি স্বস্তির ছিল না আল নাসরের জন্য। রেলিগেশন জোনের ঠিক ওপরে থাকা আল খালিজের বিপক্ষে পয়েন্ট হারিয়ে লিগের তৃতীয় স্থানে নেমে গেছে তারা। আল হিলালের চেয়ে দুই এবং আল ইত্তিহাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে দলটি।

এদিকে, চলতি মৌসুম শেষেই পেশাদার ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন রোনালদো। ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার দৌড়ে থাকা এই তারকার গোলসংখ্যা এখন ৯৭৯।

আরও পড়ুন

×