ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আট বছর পর ফিরছে বিসিবি-রবি বোলার হান্ট

আট বছর পর ফিরছে বিসিবি-রবি বোলার হান্ট
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৩৭

আট বছর পর আবারও দেশব্যাপী বোলার হান্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও রবি। এবার ‘রবি বোলার হান্ট’ নামে আয়োজিত এই প্রতিযোগিতায় পেসার ও স্পিনার, দুই বিভাগেই প্রতিভা খোঁজা হবে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও অংশ নেওয়ার সুযোগ পাবেন।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ২৭ সেপ্টেম্বর সিলেটে শুরু হবে ট্রায়াল। এরপর পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয় শহরে আয়োজন করা হবে বাছাইপর্ব। ঢাকায় হবে দুটি ট্রায়াল। সব মিলিয়ে ট্রায়াল অনুষ্ঠিত হবে নয়টি স্থানে।

বিভাগীয় পর্যায়ের বাছাই শেষে প্রতিটি ভেন্যু থেকে নির্দিষ্টসংখ্যক প্রতিভাবান বোলারকে ঢাকায় চূড়ান্ত ক্যাম্পে ডাকা হবে। সেখান থেকে নির্বাচিতদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের অধীনে প্রশিক্ষণ দেওয়া হবে। ট্রায়ালে অংশ নিতে আগ্রহীদের ‘মাই রবি’ ও ‘মাই সার্কেল’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিজ নিজ এলাকার ট্রায়ালের আগের দিন পর্যন্ত আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন। 

বাছাই কার্যক্রমের সরাসরি তত্ত্বাবধানে থাকবেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার কোরি কলিমোর এবং বিসিবির এইচপি দলের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ক্রিকেট বাংলাদেশের সংস্কৃতি ও আবেগের অবিচ্ছেদ্য অংশ। দেশের প্রতিটি প্রান্তেই বোলিংয়ের অনেক সম্ভাবনাময় প্রতিভা রয়েছে, যাদের অনেকেই এখনো সুযোগের অপেক্ষায়। রবি বোলার হান্টের মাধ্যমে নারী ও পুরুষ; উভয় শ্রেণির সম্ভাবনাময় ফাস্ট বোলার ও স্পিনারদের নিজেদের দক্ষতা তুলে ধরার জন্য দেশব্যাপী একটি প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে অংশীদারত্বে এই উদ্যোগের লক্ষ্য শুধু প্রতিভা খুঁজে বের করা নয়; বরং তাদের ভবিষ্যৎ উন্ময়নের জন্য একটি পথ তৈরি করা।

জিয়াদ সাতারা আরও বলেন, দেশব্যাপী ট্রায়াল, ডিজিটাল সুবিধা এবং বিশ্বমানের ক্রিকেট বিশেষজ্ঞদের দিকনির্দেশনার সমন্বয়ে আমরা বাংলাদেশের আগামী দিনের তারকা বোলারদের খুঁজে বের করতে ও গড়ে তুলতে আশাবাদী।

বিসিবি সভাপতি তামিম ইকবাল খান বলেন, এই উদ্যোগটি বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন প্রতিভা চিহ্নিত করতে এবং তাদের বিকশিত করতে বড় ভূমিকা রাখবে। বাংলাদেশের ক্রিকেটে ধারাবাহিক সাফল্য ধরে রাখতে নতুন প্রতিভা খুঁজে বের করা ও তাদের বিকাশ ঘটানো জরুরি। রবি বোলার হান্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী ও পুরুষ; উভয় শ্রেণির সম্ভাবনাময় ফাস্ট বোলার ও স্পিনারদের খুঁজে বের করা হবে।

তিনি আরও বলেন, রবির সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা ভবিষ্যতের ক্রিকেট তারকাদের জন্য একটি সুসংগঠিত পথ তৈরি করতে চাই। একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটে নতুন প্রতিভা তুলে আনার ধারাবাহিকতাও আরও শক্তিশালী হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরীসহ রবি এবং বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×