ব্যালন ডি’অর তুমি কার!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:২৭
ব্যালন ডি’অর নিয়ে আবার উত্তেজনা ফিরে এসেছে। আগামী ২৬ অক্টোবর ঘোষিত হতে যাওয়া এ পুরস্কার নিয়ে এরই মধ্যে টানাটানি শুরু হয়েছে দুজনের মধ্যে। সেই দুজন হলেন কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামাল। গত সপ্তাহে ব্যালন ডি’অর জয়ে মনোনীতদের সম্ভাব্য তালিকা প্রকাশের পরই এ বিতর্ক শুরু হয়েছে। মেসি-রোনালদোর যুগ শেষে এবারই প্রথম এমন বিতর্ক।
মনোনীতদের সংক্ষিপ্ত তালিকায় এমবাপ্পে ও ইয়ামালের সঙ্গে হ্যারি কেইনও রয়েছেন। বায়ার্ন মিউনিখের এ ইংলিশ স্ট্রাইকার মর্যাদাপূর্ণ এ ট্রফির জয়ের অন্যতম ফেভারিটও। কিন্তু তিনি পুরোপুরি নিশ্চুপ। কথার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কেবল এমবাপ্পে ও ইয়ামাল। ঠিক যেমনটা মেসি ও রোনালদোর লড়াইয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ থাকত, এবারও অনেকটা তেমন রূপ ধারণ করছে। বিষয়টি নিয়ে সবার আগে মুখ খোলেন রিয়াল তারকা এমবাপ্পে।
চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের আগে ফরাসি এই স্ট্রাইকার বলেছিলেন, ‘ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় (বিশ্বকাপ) আমি অনেক ইতিহাস গড়েছি। ব্যালন ডি’অর জয়ের জন্য দারুণ একটি বছর।’ এরপর ফরাসি একটি দৈনিকের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারেও একই কথা বলেন তিনি। কোচ হোসে মরিনহোসহ রিয়াল মাদ্রিদের কয়েকজন তারকা আবার তাঁর দাবির পক্ষে সমর্থন জানিয়েছেন।
ফরাসি তারকা দাবি উপস্থাপনের পর সরব হয়েছেন বার্সা উইঙ্গার লামিনে ইয়ামালও। সম্প্রতি স্ট্রিমিং প্লাটফর্ম মুভিস্টার প্লাসে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘আমার মতে, এমবাপ্পে আর আমি– আমরাই বিশ্বের সেরা দুই খেলোয়াড়। সত্যি বলতে, আমার মনে হয়, বিশ্বের সেরা হিসেবে হয়তো আমরা দুজনই আছি। আমি যা জিতেছি, সেটির ওপর ভিত্তি করে এই বছর এটি (ব্যালন ডি’অর) আমারই প্রাপ্য। বিষয়টি আমার কাছে একদম পরিষ্কার এবং যারা ম্যাচগুলো দেখে, তারাও তা জানে।’ বার্সা কোচ হ্যান্সি ফ্লিক পুরোপুরি সমর্থন করেছেন ইয়ামালের এই দাবিকে। রেসিং সান্তানদারের বিপক্ষে ম্যাচপূর্বে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘ইয়ামালের এই আত্মবিশ্বাসের পক্ষে কথা বলছে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স। সে ব্যালন ডি’অর জয়ের জন্য মরিয়া। একজন খেলোয়াড়ের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা তাঁর অনুভূতি। তাঁর প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।’
দুজনের পারফরম্যান্স বিশ্লেষণ করলে একটি ধারণা পাওয়া যেতে পারে। সর্বশেষ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিকে অনেকের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন এমবাপ্পে। ফ্রান্সকে সেমিতে নেওয়ার পথে ১০ গোল করে টানা দ্বিতীয় গোল্ডেন বুট জিতেছেন। আর মোট ২২ গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনি। বিশ্বকাপের আগে রিয়ালের হয়ে মৌসুমে ৪২ গোল করেছেন। তবে দলকে কোনো ট্রফি জেতাতে পারেননি। অন্যদিকে গত বছর ব্যালন ডি’অর জয়ে দ্বিতীয় হওয়া ইয়ামাল মাত্র ১ গোল করলেও স্পেনের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আর বার্সার হয়ে ২৪ গোল ও ১৮ অ্যাসিস্ট করে লা লিগা জয়ে বড় ভূমিকা রাখেন। তবে গত বছর ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে মনে করছেন পিএসজি টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জেতায় তাঁর আবারও এ পুরস্কার জেতা উচিত। দেম্বেলে ও এমবাপ্পেকে ঘিরে নাকি ফ্রান্স ফুটবল দল দুই ভাগে বিভক্ত।
- বিষয় :
- ব্যালন ডি’অর
- লামিন ইয়ামাল
- কিলিয়ান এমবাপ্পে