ম্যাচ না খেলেও সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৪৪
এশিয়ান গেমসের ক্রিকেটে মাঠে না নেমেও সেমিফাইনালের টিকিট পেতে পারে বাংলাদেশ নারী দল। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। তবে নাগোয়ায় বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে জয়ী ঘোষণা করা হবে বাংলাদেশকে।
এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও ক্রিকেটের প্রতিযোগিতা শুরু হবে ১৭ সেপ্টেম্বর। সেদিন জাপানের স্থানীয় সময় সকাল ৯টায় নাগোয়ায় মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও চীনের।
তবে ম্যাচের আগে নাগোয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেপ্টেম্বর শহরটির অন্যতম বৃষ্টিবহুল মাস। টানা বৃষ্টির কারণে বাংলাদেশ নারী দলও পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেনি।
ম্যাচ আয়োজনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবেন আয়োজকেরা। নির্ধারিত ২০ ওভারের খেলা সম্ভব না হলে সুপার ওভারের মাধ্যমে ফল নির্ধারণের চেষ্টা করা হবে। সেটিও আয়োজন করা না গেলে বিবেচনায় আসবে দুই দলের টি-টোয়েন্টি র্যাঙ্কিং।
বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে, চীন রয়েছে ৩৭ নম্বরে। ফলে কোনোভাবেই ম্যাচ আয়োজন করা সম্ভব না হলে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হবে। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে না খেলেই সেমিফাইনালে উঠবে বাংলাদেশের মেয়েরা।
- বিষয় :
- বাংলাদেশ নারী ক্রিকেট
- বিসিবি
- এশিয়ান গেমস