রোহিত- কোহলিকে সরাতে গিয়ে বাদ পড়লেন নির্বাচক!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৪৮
দায়িত্ব থেকে সরে যেতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগারকার। গত বুধবার উইন্ডিজের বিপক্ষে সিরিজের দল নির্বাচনই হতে পারে তাঁর বেছে নেওয়া শেষ ভারতীয় স্কোয়াড।
দ্রুতই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তাদের কাছে দায়িত্ব ছাড়ার চিঠি পাঠাতে পারেন সাবেক এ পেস অলরাউন্ডার। এরই মধ্যে টেস্ট ও টি২০ থেকে অবসর নেওয়া দুই সুপার স্টার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ওয়ানডেতেও চাইছেন না আগারকার। কিন্তু বোর্ড কর্তাদের চাওয়া এই দুজন আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলুক। এ নিয়ে দ্বন্দ্বের জেরেই সরে যেতে হচ্ছে তাঁকে।
আগামী ৪ অক্টোবর নির্বাচক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে আগারকারের। পিটিআইয়ের খবর, মেয়াদ বাড়ানো নিয়ে ভারতীয় বোর্ডের প্রথম সারির কোনো কর্মকর্তা এখনও আগারকারের সঙ্গে কথা বলেননি। এই যোগাযোগ না করাকে বিদায়ের ইঙ্গিত মনে করছেন অনেকে।
বোর্ড সূত্রের খবর, আগারকার প্রধান নির্বাচক থাকার সময় ভারতীয় দল অনেক সাফল্য পেলেও গত কয়েক মাসে তাঁর দল নির্বাচনে একাধিক বিতর্ক তৈরি হওয়ায় খুশি নন কর্তারা। বিশেষ করে, গত ইংল্যান্ড সফরের সময় রোহিত শর্মার অবসর নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে বেশ বিরক্ত হয়েছিলেন বোর্ড কর্তাদের অনেকে। আগামী বছরের অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ। দুই অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে সে বিশ্বকাপে চাইছেন কর্তারা। কিন্তু বয়সের অজুহাতে আগারকার তাদের দলে রাখতে চাইছেন না। এ কথা তিনি সরাসরি বোর্ড কর্তাদের বলেছেনও। এর পরই তাঁর প্রতি শীতল মনোভাব হয়ে গেছে বোর্ড কর্তাদের।
- বিষয় :
- বিরাট কোহলি
- রোহিত শর্মা
- ভারত