এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫৯
এশিয়ান গেমসের নারী ক্রিকেটে সেমিফাইনালের প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ায় আগেই শেষ চার নিশ্চিত করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। এবার ভারতের জাপানকে হারানোর পর নির্ধারিত হয়েছে সেমিফাইনালের লড়াই।
শুক্রবার জাপানের কোরোগি স্পোর্টস পার্কে কোয়ার্টার ফাইনালে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ভারত। আগামী ২০ সেপ্টেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
টস জিতে জাপানকে ব্যাটিংয়ে পাঠানোর পর শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রাখে ভারতের বোলাররা। স্পিনার শ্রী চরনি ৪টি এবং শেফালি বর্মা ২টি উইকেট নিয়ে জাপানের ব্যাটিংয়ে ধস নামান। ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট হয় স্বাগতিক দল।
জাপানের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন আয়াকা কাতো স্ট্যাফোর্ড। হারুনা ইওয়াসাকি করেন ১০ রান। এই দুজন ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫.৩ ওভারেই জয় নিশ্চিত করে ভারত। মাত্র ১৫ বলে অপরাজিত ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন শেফালি। গুণালান কমলিনি ২ বলে শূন্য রানে আউট হলেও ভারতকে থামাতে পারেনি জাপান। ভারতী ফুলমালি করেন ৬ রান। শেষ দিকে ৬ বলে ১২ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেন রিচা ঘোষ।
- বিষয় :
- এশিয়ান গেমস
- বাংলাদেশ-ভারত