১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের দলে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৫৮
যুক্তরাষ্ট্রের জাতীয় দলে জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর ফুটবলার কাভান সুলিভান। বয়স মাত্র ১৬ বছর হলেও আসন্ন চারটি প্রীতি ম্যাচের জন্য কোচ মরিসিও পচেত্তিনোর ঘোষিত ২৮ সদস্যের দলে রাখা হয়েছে তাকে।
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলে নতুন প্রজন্মকে সুযোগ দিচ্ছেন পচেত্তিনো। তার ঘোষিত দলে সুলিভানসহ জায়গা পেয়েছেন আটজন তরুণ ফুটবলার। আগামী ২৮ সেপ্টেম্বর ১৭ বছরে পা দেবেন কাভান।
ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে এমএলএসে ইতিমধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই কিশোর। ১৬ ম্যাচে শুরুর একাদশে থেকে করেছেন ৬ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৯টি। তার পারফরম্যান্স ইউরোপের ক্লাবগুলোরও নজর কেড়েছে। ম্যানচেস্টার সিটির সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে আগেই আলোচনা শুরু হয়েছে।
কাভানের সাম্প্রতিক পারফরম্যান্সে মুগ্ধ পচেত্তিনোও। যুক্তরাষ্ট্রের কোচ বলেন, এই বয়সে এমএলএসের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে নিয়মিত ভালো খেলা, গোল করা এবং সতীর্থদের দিয়ে গোল করানো সহজ নয়। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর আরও বড় মঞ্চে নিজেকে মানিয়ে নেওয়ার সুযোগ কাভানকে দিতে চান তিনি।
কাভান সুলিভানের শিকড় বাংলাদেশে। তার ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশি বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে খেলেছেন। তাদের নানি সুলতানা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে বসতি গড়েন।
আগামী ২৬ সেপ্টেম্বর ফ্লোরিডার অরল্যান্ডোতে পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের নতুন পর্ব শুরু হবে। এরপর চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে খেলবে তারা। চোটের কারণে দলে নেই ক্রিস্টিয়ান পুলিসিক ও ফোলারিন বালোগান। তবে অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয়ে দল সাজিয়েছেন পচেত্তিনো।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- কাভান সুলিভান