ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফকিরাপুলের কাছে ২-১ গোলে হারল ঢাকা ওয়ান্ডার্স

ফকিরাপুলের কাছে ২-১ গোলে হারল ঢাকা ওয়ান্ডার্স
×

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০০

চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের খেলা। শুক্রবার বিকেলে উদ্বোধনী ম্যাচে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাব।

ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে ফকিরাপুলকে এগিয়ে দেন গাম্বিয়ার ফরোয়ার্ড সোলেমান শিলা। ১০ নম্বর জার্সি পরা এই বিদেশি ফুটবলার ৩৫ ও ৪১ মিনিটে গোল দুটি করেন। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ঢাকা ওয়ান্ডার্স। ৫২ মিনিটে দলটির অধিনায়ক ও ১০ নম্বর জার্সিধারী অস্ট্রেলিয়ান ফুটবলার ভেলি একটি গোল শোধ করেন। তবে এরপর আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাব।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বিকেল সোয়া ৩টায় বেলুন উড়িয়ে লিগের প্রথম পর্বের উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির।

এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সল গাজী বাহার, বাফুফের ফুটবল ম্যানেজার সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব জয়নাল আবেদীন জনু, এডহক কমিটির সদস্য ও সাবেক ফুটবলার আনোয়ার হোসেন মানিক, ফুটবল কোচ জাহাঙ্গীর হোসেন গাজীসহ দুই দলের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বে দেশের সাতটি ভেন্যুতে মোট ৭৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে চাঁদপুর স্টেডিয়ামে হবে ১২টি ম্যাচ।

চাঁদপুরে পরবর্তী ম্যাচে ২৫ সেপ্টেম্বর ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবের মুখোমুখি হবে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। এক দিন পর, ২৬ সেপ্টেম্বর খেলবে ঢাকা ওয়ান্ডার্স ক্লাব ও আবাহনী লিমিটেড। চাঁদপুর স্টেডিয়ামে প্রথম পর্বের শেষ ম্যাচটি হবে আগামী বছরের ১৬ জানুয়ারি। ওই ম্যাচে ঢাকা ওয়ান্ডার্সের প্রতিপক্ষ পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।

আরও পড়ুন

×